ভারতে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

24

নিউজ ডেস্ক: ভারতে এলেন আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়ো। সফরের প্রথম দিনেই কলকাতায় পা রাখেন সস্ত্রীক রুবিয়ো। কলকাতায় এসে মাদার টেরিজার স্মৃতি বিজড়িত নির্মলা শিশুভবনে যান তিনি। সংক্ষিপ্ত কলকাতা সফর সেরে দিল্লি পৌঁছে গেছেন মার্কিন বিদেশসচিব। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে রুবিয়োর।

১৪ বছর আগে আমেরিকার বিদেশসচিব হিলারি ক্লিন্টন এসেছিলেন কলকাতায়। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিয়ো গোর সমাজমাধ্যমে লিখেছেন, বিদেশসচিব রুবিয়ো কলকাতায় পৌঁছে গিয়েছেন। এটা ওঁর প্রথম ভারত সফর। শনিবারই আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করব। বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, কোয়াড-সহ বিভিন্ন বিষয়ে আগামী কয়েক দিনে আমাদের আলোচনা চলবে। দিল্লি ছাড়া মার্কো রুবিয়োর আগরা, জয়পুরে যাওয়ার কথা রয়েছে।

পশ্চিম এশিয়ায় সঙ্কটের আবহে রুবিয়োর ভারত সফরের কূটনৈতিক গুরুত্ব অপরিসীম। হরমুজ় প্রণালীতে পণ্যবাহী জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে চায় নয়াদিল্লি। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে ভারতে ধারাবাহিক ভাবে পেট্রল, ডিজলের দাম বাড়ছে। শনিবার নতুন করে মূল্যবৃদ্ধি হয়েছে। গত ১০ দিনে এই নিয়ে তিন বার পেট্রল ও ডিজেলের দাম বেড়েছে ভারতে। ভারত সফরের আগে রুবিয়ো বলেছেন, আমেরিকার খুব ভালো বন্ধু ভারত। ভারতের মন্ত্রী এবং কোয়াড দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে আছেন বলে জানিয়েছেন মার্কিন বিদেশসচিব। ২৬ মে কোয়াডের বৈঠক। মার্কো রুবিয়োর সঙ্গে কোয়াডের সদস্য দেশ অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী মোটেগি তোশিমিৎসুর সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও বৈঠকে থাকবেন।

ভারত-আমেরিকার মাঝে শুল্ক জট এবং তেল নিষেধাজ্ঞার জটিল পরিস্থিতিতে রুবিয়োর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই রুবিয়োর ভারত সফরে অগ্রাধিকার পাবে প্রস্তাবিত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি। ভারত সফরের আগে রুবিয়ো জানিয়েছেন, যে ভারতের যত জ্বালানি প্রয়োজন, তা জোগাতে প্রস্তুত আমেরিকা। রুবিয়োর কথায়, ভারত যত তেল কিনতে চাইবে আমরা ততটাই বিক্রি করব।

এছাড়া আগামী সপ্তাহে ভারতে আসছেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রডরিগেজ। ভেনেজুয়েলা অপরিশোধিত তেলের ভান্ডার। সেখানকার তেল ভারতে আসবে কি না সেটাও রুবিয়োর সঙ্গে নয়াদিল্লির আলোচনায় স্থির হতে পারে। কেননা ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ এখন বকলমে আমেরিকার হাতে। মার্কো রুবিয়োর ভারত সফর শেষ হওয়ার পরই ভারতে আসবে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল।

রুবিয়োর সফর নিয়ে প্রবল আশাবাদী কেন্দ্রীয় শিল্প-বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, বাণিজ্য চুক্তির বিষয়ে ভারত যথেষ্ট দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির মূল আধিকারিক এদেশে আসবেন জুনে। গত মাসে ভারতীয় প্রতিনিধিরা আমেরিকা সফর করেছে বাণিজ্য চুক্তি নিয়ে। আমেরিকার সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তির অন্তর্বর্তী খসড়া চূড়ান্ত হয়েছে বলে নয়াদিল্লি সূত্রে খবর।

পীযূষ গোয়েল জানিয়েছেন, গত ছয় মাসে আমেরিকার শিল্পক্ষেত্রে বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছি, তার পরিমাণ শেষপর্যন্ত হতে পারে ৬০ বিলিয়ন ডলার। আর ভারতে মার্কিন রাষ্ট্রদূত সের্জিয়ো গোর বলেছেন, আগামী মাসে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিরা চুক্তির লক্ষ্য স্থির করবে। দেড় বছর দুদেশের মাঝে দর কষাকষি চলছে। আবার এটাও ঠিক ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি করতে লেগেছিল ১৯ বছর।