কাছাড়ে ৩ কোটি টাকার ড্রাগস উদ্ধার, গ্রেফতার ২

39

ব্যুরো রিপোর্ট, শিলচর:মণিপুর থেকে নদীপথে ড্ৰাগস পাচার। পুলিশ এবং আসাম রাইফেলসের অভিযানে কাছাড়ের লক্ষ্মীপুরে বরাক নদী থেকে উদ্ধার বিপুল পরিমাণ ড্ৰাগস। বাজেয়াপ্ত ড্রাগসের বাজার মূল্য ৩ কোটি টাকারও বেশি বলে জানা গেছে। এঘটনায় গ্ৰেফতার করা হয়েছে মণিপুরের ২ পাচারকারীকে।

মণিপুর থেকে নৌকায় বরাক নদী হয়ে ড্ৰাগস পাচারের চেষ্টা হচ্ছিল। কাছাড়ের লক্ষ্মীপুরে পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে উদ্ধার হয় প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন। গোপন সূত্ৰে প্রাপ্ত খবরের ভিত্তিতে অভিযানে নেমেছিল পুলিশ এবং আসাম রাইফেলস বহিনী। বরাক নদীতে হানাদারি চালিয়ে একটি যন্ত্রচালিত নৌকা থেকে উদ্ধার হয় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট এবং ২১ গ্রাম হেরোইন। এই ড্রাগস প্রতিবেশী রাজ্য মণিপুর থেকে নদীপথে নিয়ে আসা হচ্ছিল। এঘটনায় পুলিশ গ্ৰেফতার করে মণিপুরের ফেরজল জেলার ২ ড্রাগস পাচারকারীকে। ড্রাগস উদ্ধারের ঘটনায় পুলিশ মাদক আইনের অধীনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

প্রতিবেশী মণিপুর এবং মিজোরাম থেকে অসমের বরাক উপত্যকায় ড্রাগস পাচারের ঘটনা নতুন নয়। উপত্যকার নানা প্রান্তে প্রায়ই নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে ড্রাগস। পাচারকারীরাও গ্রেফতার হয়। নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের পরও অবশ্য বন্ধ হয়নি ড্রাগস পাচার। কিছু কিছু ক্ষেত্রে পাচারের পরিমাণ চমকে যাবার মতো। চলতি বছরের ৫ ফেব্রুয়ারিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে উদ্ধার হয়েছিল ১৪ কোটি টাকার ড্রাগস। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ এবং আসাম রাইফেলস বাহিনী যৌথ অভিযানে নেমে এই বিপুল ড্রাগস উদ্ধার করেছিল। ওই ঘটনায় এক পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃত পাচারকারী মণিপুরের জিরিবামের বাসিন্দা জেভিয়েন ভাইফ। সেবারও বিপুল পরিমাণ হেরোইন মণিপুর থেকে বরাক নদীপথে পাচার করা হচ্ছিল।