VIP সংস্কৃতির প্রতিবাদ, অন্তঃসত্ত্বা স্ত্রী গাড়িতে আটকে মাঝ রাস্তায় বসলেন স্বামী

25

নিউজ ডেস্ক: রাজ্যপালের কনভয় যাবে তাই রাস্তা বন্ধ। এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ধৈর্য্য হারিয়ে মাঝ রাস্তাতেই বসে পড়লেন এক ব্যক্তি। যুবকের এই কাণ্ডে ট্রাফিক পুলিশের রক্তচাপ বাড়ে বৈকি। ততক্ষণাৎ প্রতিবাদকারীকে সরাতে পুলিশ তৎপর হয়। কিন্তু প্রতিবাদকারী ব্যক্তি নাছোড়বান্দা। কর্নাটকের বেঙ্গালুরুর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। VIP সংস্কৃতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রতিবাদকারী। প্রশ্ন তুললেন, সাধারণ মানুষের সময়ের কোনও দাম নেই?

কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলটের কনভয়ের জন্য সোমবার ওল্ড এয়ারপোর্ট রোড বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়ে গাড়িতে করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু যানজটের জেরে রাস্তাতেই আটকে পড়েন তিনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরে ক্ষোভে ফেটে পড়েন। এর পরে গাড়ি থেকে নেমে রাস্তায় বসে পড়েন। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে বসে থাকার কারণে ওই ব্যক্তির সঙ্গে তর্কাতর্কি শুরু হয় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশদের। ওই ব্যক্তি পুলিশকে বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমাদেরও কাজ থাকে। রাজ্যপাল VIP হতে পারেন। তা বলে আমরা কি কেউ নই?’ এর পরে পুলিশ তাঁকে রাস্তা থেকে উঠে পাশে দাঁড়াতে বললে ওই ব্যক্তি না রাজ। যদিও বেশ কিছু সময় তীব্র রোদের মধ্যে পুলিশের সঙ্গে বচসার পর ওই ব্যক্তি পুলিশের চাপে উঠতে বাধ্য হন।

এই ভিডিওর পর ফের দেশে VIP সংস্কৃতির বিরুদ্ধে চড়া সুর উঠতে শুরু করেছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী VIP সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছিলেন গত মাসেই। তিনি মন্ত্রী ও সরকারি আধিকারিকদের সরকারি প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। ক্ষমতার আস্ফালন না দেখিয়ে সাধারণ মানুষর জীবনযাত্রা এবং কাজের উপর প্রভাব না ফেলার নির্দেশ দিয়েছিলেন। এমনকী সরকারি খরচ কমাতে এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে প্রধানমন্ত্রী নিজের কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছেন। অথচ কর্নাটকের রাজ্যপালের কনভয়ের জেরে রাস্তা বন্ধ রাখার বিষয়টি নিয়ে চর্চায় VIP সংস্কৃতি।