নিউজ ডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ প্রকাশ্যে আসছে। তাই একদিকে চলছে অন্নপূর্ণা যোজনার আবেদন পত্রের যাচাই। অন্যদিকে, মাসে মাসে ৩০০০ টাকা দেওয়ার কাজও শুরু করে দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।
বুধবার ২৮ লক্ষ ২৫ হাজার ৭৭৯ জনের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর কথা জানান মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে এই কর্মসূচির প্রথম টাকা পাঠানোর সূচনা করলেন মুখ্যমন্ত্রী। নবান্নে উপযুক্ত ৫ মহিলার হাতে ৩০০ হাজার টাকার প্রতীকী চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ‘যে সঙ্কল্পপত্র প্রকাশ হয়েছিল তার গ্যারেন্টার ছিলেন প্রধানমন্ত্রী। আশা, আসিডিএস থেকে জেলাশাসক, বিডিওর সহযোগিতায় কর্মসূচির সূচনা করতে পেরেছি। পর্যায়ক্রমে উপযুক্তরা সবাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এসআইআর-এ বাদ যাওয়া একাধিক ভোটারদের নামে আগের সরকারের প্রকল্পের সুবিধা মিলেছে। ৩ মাস ধরে ফর্ম ফিলাপ ও ভেরিফিকেশন পর্ব চলবে।’ অন্নপূর্ণা যোজনার জন্য বয়স্ক, অসুস্থ বা অক্ষম ব্যক্তিদের জন্য বাড়ি গিয়ে আবেদনপত্র পূরণে সহায়তা।

অন্নপূর্ণা যোজনায় নাম সংযোজন সহ আনুষঙ্গিক বিষয়ে প্রতি ৭ দিন অন্তর আপডেট দেবেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যাচাইয়ের কাজ শেষের পর বিগত সরকারের কর্মসূচি সমাপ্ত হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার আর থাকবে না। একই ভাবে আগের সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প থেকেও বিজেপি সরকারের আয়ুষ্মান ভারত পোর্টালেও নাম অন্তর্ভুক্তির কাজ শুরু হবে বলে জানিয়েছেন শুভেন্দু।
এদিন মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, ‘এখন থেকে অন্নপূর্ণা যোজনার জন্য নির্দিষ্ট পোর্টাল সকলেই দেখতে পাবেন। কোনও উপভোক্তাকে নিয়ে অভিযোগ জানালে তা যাচাই করা হবে। এর থেকে বেশি স্বচ্ছতা কোনও রাজ্যে হয়নি।’ মুখ্যসচিব আরও জানান, ‘অন্নপূর্ণা যোজনার জন্য যাঁরা নথি যাচাই করছেন তাঁদের সইও দেখা যাবে।’

নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্র অনুযায়ী, ২৭ মে থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি শুরু হয়। ২৫-৬০ বছর বয়সী মহিলারা পাবেন এই প্রকল্পের সুবিধা। ফর্ম মিলবে বিডিও, এসিডও, জেলাশাসক অফিসে। উপভোক্তাদের এলাকার বিধায়কের কাছেও ফর্ম পাওয়া যাবে। পুরসভাতেও মিলবে অন্নপূর্ণার আবেদন পত্র। ৩ জুন অর্থাৎ বুধবার থেকেই অনলাইনেও আবেদন করা যাবে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ‘যারা গত ১৫ বছর টাকা পাননি তাঁরাও ফর্ম ফিলাপ করুন।’ আবেদন অগ্নিমিত্রার।
বুধবার আরও একটি কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। ‘আপনার সরকার আপনার পাশে’ নামে একটি ফোন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা পেতে কোনও সমস্যা হলে ফোন করে জানাতে পারবেন জনগণ। নম্বরটি হল- ৮২৮২০৮২৮২০। সোম-শনি সকাল ৯টা-সন্ধে ৬টা পর্যন্ত ফোন করা যাবে। এছাড়া ইমেলেও অভিযোগ জানানো যাবে asap@wb.gov.in।