বেতন নেই ২ মাস, দুর্দশায় এনরেগা কর্মীরা

14

জনি ভট্টাচার্য, কুমারঘাট: দীর্ঘ ২ মাস ধরে বেতন পাচ্ছেন না ত্রিপুরার এমজিএনরেগা কর্মীরা। বাধ্য হয়েই বুধবার বেতনের দাবিতে উনকোটির জেলাশাসকের কাছে স্মারকপত্র দিল অল ত্রিপুরা এমজিএনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা কমিটি।
শুধু বকেয়া বেতন আদায়ই নয়, অ্যাসোসিয়েশনের দাবির মধ্যে রয়েছে কর্মীদের চকরি নিয়মিত করা, সময়মতো বেতন দেওয়া, বর্তমান বেতন বৃদ্ধি, বার্ষিক ইনক্রিমেন্ট ইত্যাদি। সংগঠনের নেতা রঞ্জিৎ হোম অভিযোগ করেন, মনরেগা কর্মীরা বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের নিজেদের চাকরির কোনও নিশ্চয়তা নেই।
এদিন সংগঠনের প্রতিনিধিরা ঊনকোটির জেলাশাসক মেঘা জৈনের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেন তাঁর হাতে। জেলাশাসক জৈন প্রতিনিধি দলটির সঙ্গে আন্তরিক কথাবার্তার পর আশ্বাস দেন যে, স্মারকপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এমজিএনরেগা প্রকল্পের অধীনে ত্রিপুরায় ঠিকা ভিত্তিক কর্মচারীরা বেশ কিছুদিন ধরেই আর্থিক ক্ষেত্রে বঞ্চনার প্রতিবাদ করে আসছেন। গত ২ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। ফলে, এক ভয়াবহ আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন কর্মচারীরা। রাজ্যে জুড়েই প্রতিবাদে নেমেছেন সংগঠনের সদস্যরা। তাদের মূল দাবি পাঁচ দফা। তারমধ্যে রয়েছে- সময়ে বেতন দেওয়া, বকেয়া বেতন এই মুহূর্তে প্রদান, প্রতি মাসের ৩ তারিখের মধ্যে বেতন ব্যাংক অ্যাকাউন্টে জমা করা, চাকরির স্থায়িত্বকরণ ইত্যাদি।