অভিষেককে সাড়ে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

35

পৃথা দাশগুপ্ত,কলকাতা: উস্কানিমূলক মন্তব্য মামলায় সাড়ে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সন্ধে ৬টা ২৫ মিনিটে ভবানী ভবন থেকে বের হন তিনি।‌ সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। দলের বৈঠকে যোগ দেন বলে খবর।‌

ভোটের প্রচারে গিয়ে কিছু বেলাগাম মন্তব্য করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একটি জনসভায় তিনি বলেছিলেন, “৪ তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে একটু ডিজেও বাজবে। যারা বেশি লাফাচ্ছেন, মনে রাখবেন, আমাদের সৌজন্যতা দুর্বলতা নয়।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে প্রথমে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়। পরে সেই মামলার তদন্তভার নেয় সিআইডি। গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে সমনের নোটিস দেন তদন্তকারী আধিকারিকরা। তাই আজ নির্ধারিত সময়ের আগেই ভবানী ভবনে পৌঁছে যান তিনি।

১২ টা থেকে ৬.২৫ টানা সাড়ে ছয় ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ। ভবানী ভবন থেকে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান।‌ তবে এই মামলায় পরবর্তীতে অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় কিনা নজর থাকবে সকলের।