ফের ভাইরাল মোদী-মেলোনি ভিডিও

14

নিউজ ডেস্ক: ফের মোদী-মেলোনির সাক্ষাতের ভিডিও ভাইরাল। ফ্রান্সে জি৭ সম্মেলনে উপস্থিত রাষ্ট্রনেতাদের জটলায় মোদী-মেলোনির সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়ে নিয়েছে গোটা বিশ্বের। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী মোদী। হালকা মেজাজে দুজনে কথাবার্তাও বলেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ইনস্টাগ্রামে তাঁদের জুটির জনপ্রিয়তার কথাই বলেছেন মোদী!


ফ্রান্সে জি৭ সম্মেলনে ‘গ্রুপ ফটো’ তোলার আগে মোদী-মেলোনি একে অপরকে শুভেচ্ছা জানান। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁরা দুজনে কথা বলছেন। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, দুজনের জুটির জনপ্রিয়তা নিয়ে কথা হয়েছে। তবে মোদীর কথার জবাবে মেলোনিকে বলতে শোনা গিয়েছে, হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে জনপ্রিয় জুটি।
মাসখানেক আগে ইতালি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই সফরে মেলোনিকে মেলোডি চকোলেট উপহার দিয়েছিলেন মোদী। উপহার পেয়ে মোদীকে ধন্যবাদ জানিয়ে হালকা মেজাজের ভিডিও পোস্ট করেছিলেন জর্জিয়া মেলোনি। ভিডিওতে দেখা গিয়েছিল, পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন মোদী-মেলোনি। ভিডিওতে মেলোনি বলেন, প্রধানমন্ত্রী মোদী উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভালো টফি— মেলোডি। এর পর দু’জনেই আবার হেসে ওঠেন।
২০২৩ সালে মোদী-মেলোনির দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। ২০২৪ সালে মোদীর সঙ্গে একটি নিজস্বী পোস্ট করে ‘মেলোডি’ শব্দের উল্লেখ করেছিলেন মেলোনি। গত বছরের জুনে জি৭ সম্মেলনেও মোদী-মেলোনির ভিডিও ভাইরাল হয়েছিল। এ ছাড়া, বিভিন্ন বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার আলাপচারিতা, সাক্ষাৎ নিয়ে কম আলোচনা হয়নি। সেই আলোচনা আবার ফিরে এল।