ট্রাম্পের সামনে মোদীর মুখে ভারতীয়দের মৃত্যুর কথা

39

নিউজ ডেস্ক : জি-৭ শীর্ষ সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই পশ্চিম এশিয়ায় নিহত ভারতীয়দের উল্লেখ করলেন প্রধানমন্ত্রী মোদী। সম্প্রতি ওমান উপকূলে মার্কিন হানায় প্রাণ গিয়েছে ৩ ভারতীয় নাবিকের।
জি-৭ সম্মেলন কক্ষে ট্রাম্পের পাশের আসনেই ছিলেন মোদী। আসন গ্রহণের আগে দুই রাষ্ট্রনেতার করমর্দনের ছবি সামনে এসেছে। কিন্তু অতীতের মতো উষ্ণ আলিঙ্গন ছিল না।
অপারেশন সিঁদুর ও তারপর ট্রাম্পের যুদ্ধ থামানোর বিবৃতি, পাকিস্তানের দিকে আমেরিকার ঝুঁকে যাওয়া, ভারতের ওপর শুল্কের বিপুল চাপ, ভারত সম্পর্কে বারবার ট্রাম্পের অপমানজনক মন্তব্য, পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও মার্কিন হানায় ভারতীয় নাগরিকদের মৃত্যু, এই দীর্ঘ পথ পেরিয়ে দুই রাষ্ট্রনেতার সাক্ষাৎ হয়।
সূত্রের খবর, হরমুজ প্রণালী বন্ধ থাকায় বাণিজ্য ব্যাহত হওয়ার বিষয়টি উল্লেখ করে মোদী বলেন, বেশ কয়েকজন ভারতীয় নাবিকের প্রাণ গেছে। নাবিকদের নিরাপত্তা আমাদের দায়িত্ব। সমুদ্রপথ নিরাপদ রাখা এবং নাবিকদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বাণিজ্য ও প্রযুক্তিকে নিজস্ব স্বার্থে ব্যবহার করার জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বাসের অভাব ঘটেছে। সূত্রের খবর, দুই রাষ্ট্রপ্রধানের পার্শ্ববৈঠকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল, আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে।
জি-৭ গোষ্ঠীর সদস্য নয় ভারত, তবে আমন্ত্রিত সদস্য হিসেবে বেশ কয়েকবছর ধরে এই সম্মেলনে যোগ দিচ্ছে ভারত। সম্মেলনে রয়েছেন আয়োজক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহান, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ।