নিউজ ডেস্ক: মাঠে মেসি ম্যাজিক আর ইন্টারনেটে অরূপ বন্দনা। চলতি ফুটবল বিশ্বকাপ মরশুমে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই অসামান্য প্রদর্শন লিও মেসির। এই সাফল্যকে অরূপ বিশ্বাসের সঙ্গে জুড়ে দেদার ট্রোল নেটমাধ্যমে। বাদ গেলেন না GOAT Tour -এর আয়োজক শতদ্রু দত্তও। কী কী বলছেন নেটিজেনরা?

ভারতীয় সময় বুধবার সকাল ৬:৩০ মিনিটে আলজেরিয়ার বিরুদ্ধে খেলতে নামেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। খেলায় হ্যাট ট্রিক গোল করে বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলেন এল এম ১০। অনেকেই রসিকতা করে এই সাফল্যের পিছনে খুঁজে পাচ্ছেন বাংলার প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের অবদান। সমাজ মাধ্যমে একের পর এক মিম। কোথাও বা লেখা, “এই জয় নীল সাদার জয়”। কোথাও লেখা, “এই জয় অরূপদাকে উৎসর্গ করলাম।”
এরই মধ্যে সমাজ মাধ্যমে অরূপ বিশ্বাসকে খোঁচা দিতে ছাড়েননি শতদ্রু দত্তও। ফেসবুকে তিনি লেখেন, “অরূপদা আপনার পাড়ার পল্টু আজ হ্যাট ট্রিক করেছে এবার তো বেরিয়ে আসুন।” আর তার এই মন্তব্যের পরেই হাসির রোল সমাজ মাধ্যমে।

প্রসঙ্গত, গত বছরে ভারত ভ্রমণে আসেন লিও মেসি। কলকাতায় যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা যায়। বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। অভিযোগ ওঠে প্রভাব খাটিয়ে তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ঘনিষ্ঠরা ঘিরে থাকেন মেসিকে। একের পর এক ছবি এমনকি মেসির গায়ে হাত দিয়ে টানাটানিরও অভিযোগ ওঠে অরূপের বিরুদ্ধে। যদিও বিশৃঙ্খলার দায়ে তৎকালীন সরকার গ্রেফতার করে অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে। জেল থেকে ছাড়া পেয়ে সরকার বদলের পর অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাল্টা সরব হন শতদ্রু। বর্তমানে মেসি কান্ডে ব্যাপক আইনি জটিলতায় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।