NEET UG-র ৪ দিন আগে ফের রহস্যমৃত্যু এক ছাত্রীর!

31


নিউজ ডেস্ক: NEET UG পরীক্ষার ৪ দিন আগে ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার নোটে লেখা, ‘আমি তোমাদের ভালোবাসি মা-বাবা, কারও দোষ নেই’।
এবার উচ্চ মাধ্যমিকে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে রিয়া কুমারী থাপা। উত্তরাখণ্ডের দেহরাদুনের চন্দ্রবনি এলাকার বাসিন্দা রিয়া। সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় ২৪ বছরের এই পড়ুয়ার দেহ উদ্ধার হয়। গত মে মাসের নিট পরীক্ষা দিয়েছিলেন রিয়া। কিন্তু প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় সেই পরীক্ষা বাতিল হয়। ফের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ২১ জুন নিট পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে।
পড়াশোনার পাশাপাশি রিয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও প্রস্তুতি নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে খাবারের জন্য মেয়েকে ডাকাডাকিতেও সাড়া পাননি মা। দরজায় ধাক্কা দিয়েও সাড়া মেলেনি মেয়ের। এরপর দরজা ভেঙে মা-বাবা সহ প্রতিবেশীরা দেখেন রিয়ার দেহ ঝুলছে।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করোনেশন হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
জিজ্ঞাসাবাদের সময় পরিবারের সদস্যরা জানান যে, পড়াশোনার পাশাপাশি রিয়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

গত মে মাসের ৩ তারিখ নিট ইউজির প্রশ্নফাঁস রুখতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। টেলিগ্রাম অ্যাপ বন্ধ থাকবে ২২ জুন পর্যন্ত। এর আগে টেলিগ্রাম অ্যাপে ফাঁস হওয়া প্রশ্ন, সম্পাদিত স্ক্রিনশট এবং পরীক্ষার সাফল্যের গ্যারান্টির অভিযোগ সামনে এসেছে। এজন্য টেলিগ্রাম অ্যাপই বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের।

শুধু টেলিগ্রাম অ্যাপ বন্ধ করাই নয়, প্রশ্নপত্র যাতে সুরক্ষিতভাবে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায়, তার দায়িত্ব দেওয়া হচ্ছে বায়ুসেনাকে। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে প্রশ্নপত্র ১৮টি সুরক্ষিত কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। পরীক্ষাকেন্দ্রে সুরক্ষার ঘেরাটোপে প্রশ্নপত্র পৌঁছেও দেবে বায়ুসেনা। এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে প্রশ্নপত্র পাঠানোর কাজে। এ ছাড়া পরীক্ষাকেন্দ্রের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা করবে বায়ুসেনা। দ্রুত প্রশ্নপত্র পৌঁছে দেওয়া ছাড়াও পরীক্ষায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের জন্য বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া সদ্য যাঁরা নিট পুনঃপরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন, তাঁদের নজরবন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সুরক্ষিত স্থানে মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচের মতো বৈদুতিন যন্ত্র ছাড়া থাকতে হবে। দুসপ্তাহ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি। কেন্দ্রের তরফে পরীক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয়বার নিট ইউজি আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত সব আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তার ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।