পৃথা দাশগুপ্ত, কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক। এই নির্দেশিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ যৌথ সংগ্রামী মঞ্চের কো-অর্ডিনেশন কমিটি। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে সরকারি কর্মী ও আধিকারিকদের যোগ দেওয়া বাধ্যতামূলকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছে সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠন।
সংগঠনের তরফে আদালতে জানানো হয়, যোগ দিবসে সরকারি কর্মচারীরা নিজের ইচ্ছায় যোগদান করবেন। সেই অনুমতি যেন আদালত দেয়। কোনও জোর চলবে না। কারণ তা নিয়ম বিরুদ্ধ। কো-অর্ডিনেশন কমিটির এই জরুরি আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা।
মামলাকারীর দাবি, শরীরচর্চা অত্যন্ত ভাল বিষয়। তবে সেটিকে সরকারি ফতোয়া জারি করে বাধ্যতামূলক করা উচিত না। বিশেষ করে ছুটির দিনে। এতে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে।
শুক্রবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার রেড রোডে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কর্মসূচির ঠিক আগে এই মামলা চাঞ্চল্য সৃষ্টি করেছে।
১৪ জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের দফতর থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের দিন সকাল ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সমস্ত সরকারি কর্মচারীকে উপস্থিত থাকতে হবে। নির্দেশিকায় সতর্কবার্তা দিয়ে বলা হয়, এই কর্মসূচিতে উপস্থিত না হলে সংশ্লিষ্ট কর্মীরা বিপদে পড়তে পারেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে আজ মামলা দায়ের হয়েছে। এই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট কী জানায় সেদিকেই নজর সকলের।
Next Post