অম্বুবাচি মেলার জন্য তৈরি এনএফ রেলওয়ে, থাকছে তিনটি বিশেষ ট্রেনের সুবিধা

54

নিউজ ডেক্স : হাতে মাত্র ৩ দিন বাকি। ২২ জুন, আগামী সোমবার থেকে শুরু হচ্ছে অম্বুবাচি মেলা। সেজে উঠেছে গুয়াহাটির নীলাচল পাহাড়। ভিড় সামাল দিতে তৈরি গুয়াহাটি পুলিশ। জায়গায় জায়গায় তৈরি করা হচ্ছে বাঁশের ব্যারিকেড। সাধু-সন্ন্যাসী ও পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে রেল বিভাগ। ২৪ ঘণ্টা টিকিটের সুবিধা, অতিরিক্ত ট্রেন, কড়া নিরাপত্তা, হেল্প ডেক্স ও অনুসন্ধান কেন্দ্র খোলা হয়েছে রেলের তরফে। রেলের তরফে তীর্থযাত্রীদের জন্য থাকছে খাবার ও পানীয় জলের সুবিধাও।

ভিড় সামলাতে অতিরিক্ত তিনটি ট্রেনের ব্যবস্থা করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল

৫০টি কামরা থাকবে ট্রেনগুলিতে। অসম ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন স্থানের যাত্রীরা এই ট্রেনের সুবিধা পাবেন। আগামীকাল, ১৯ জুন কামাখ্যা জংশন থেকে কামাখ্যা-আলিপুরদুয়ার স্পেশাল ট্রেনের সূচনা হবে। ২০ থেকে ২২ জুন এবং ২৪ থেকে ২৭ জুন পর্যন্ত দুটি ট্রেন চলবে গুয়াহাটি-জলপাইগুড়ি রুটে। এদিকে, ২০ থেকে ২৭ জুন পর্যন্ত চলবে জলপাইগুড়ি-কামাখ্যা স্পেশাল ট্রেন। ২১ থেকে ২৮ জুন চলাচল করবে কামাখ্যা-নিউ জলপাইগুড়ি স্পেশাল ট্রেন।

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ট্রেনের টিকিটের জন্য খোলা হয়েছে অতিরিক্ত কাউন্টার। কামাখ্যা জংশন ও গুয়াহাটি রেলস্টেশনে ২৪ ঘণ্টা খোলা থাকবে কাউন্টার। যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সফরের জন্য করা হয়েছে বিশেষ ট্রেনের ব্যবস্থা। ২২ থেকে ২৮ জুন পর্যন্ত বিশেষ ট্রেন পরিষেবার সুবিধা পাবেন তীর্থযাত্রীরা। প্রতিবছরই লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে অম্বুবাচি মেলায়। তাদের সুবিধার জন্যই উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই বিশেষ পদক্ষেপ।

অম্বুবাচি মেলার জন্য তৈরি প্রশাসন

ভিড় সামাল দিতে গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে RPF, GRP-র অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। যাত্রীদের জন্য কমার্শিয়াল ও টেকনিক্যাল টিমও থাকবে স্টেশনে। এ ছাড়া উত্তর-পূর্ব সীমান্ত ভারত স্কাউট অ্যান্ড গাইডসের ২০০ স্বেচ্ছাসেবী ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে তীর্থযাত্রীদের সাহায্যে। এক কথায় অম্বুবাচি মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরোপুরি তৈরি উত্তর-পূর্ব সীমান্ত রেল।