চন্দ্রবাবুর ছেলের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু, কী কথা হল দুজনের ?

12

পৃথা দাশগুপ্ত, কলকাতা: গুরুত্বপূর্ণ বৈঠক! প্রথম দিনের অধিবেশন শেষ করে বেশ খানিক রাতেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ছেলে নারা লোকেশের সঙ্গে দেখা করে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং অন্ধ্রের মন্ত্রিসভার অন্যতম সদস্য নারা লোকেশ। তাঁকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি নৈশ ভোজেও অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দু’টি বিশেষ উপহারও নাড়া লোকেশকে দিয়েছেন শুভেন্দু অধিকারী । যে উপহার বহন করছে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতি।‌ বাংলার রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে চন্দ্রবাবুর ছেলের সঙ্গে। আগামীতে বাংলার উন্নয়নের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

চন্দ্রবাবুর ছেলেকে যে উপহার মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন তা দেখার মত। চৈতন্যদেবের একটি পটচিত্র এবং শোলাপিঠের নৌকা। প্রথমটিতে অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসের ছবি।‌ পটচিত্রের চৈতন্যদেবের উপরের দু’টি হাতে রয়েছে রামের তির-ধনুক, মাঝের দু’টি হাতে রয়েছে কৃষ্ণের মোহন বাঁশি এবং নীচের দু’টি হাতে রয়েছে সন্ন্যাসদণ্ড ও কমণ্ডলু। এই পটচিত্র এঁকেছেন পিংলার নয়াগ্রামের পটুয়া শিল্পী স্বর্ণলতা চিত্রাকর। এছাড়া সূক্ষ্ম কারুকার্যে ভরা শোলাপিঠের নৌকায় পশ্চিমবঙ্গের নিজস্ব প্রাচীন শিল্পের ছোঁয়া রয়েছে। শিল্পের পাশাপাশি ঐতিহাসিক তাৎপর্য রয়েছে এই নৌকোয়।

সব মিলিয়ে এই বৈঠক ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ হয়েছে বলেই সূত্রের খবর।