নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের ২০ সাংসদ অখ্যাত দলে মিশে যাওয়ার পর মহারাষ্ট্রের উদ্ধব শিবসেনার সাংসদরাও মিশে যাচ্ছেন একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে।
উদ্ধব শিবসেনার সংসদীয় দলের বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র ৩ সাংসদ। অনুপস্থিত সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সঞ্জয় রাউত।
দল পরিবর্তনের জন্য প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা দেওয়া হচ্ছে বলে বুধবার সমাজমাধ্যমে পোস্ট করেছেন উদ্ধব শিবসেনার রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত। মহারাষ্ট্রের উদ্ধব শিবসেনার সাংসদ ৯। অন্তত ৬ জন দলত্যাগ করলে কোনও শাস্তির মুখে পড়বেন না।
বৃহস্পতিবারের শিবসেনা সংসদীয় দলের বৈঠকে যেসব সাংসদ উপস্থিত ছিলেন না, তাঁরা হলেন সঞ্জয় দিনা পাতিল, সঞ্জয় দেশমুখ, নাগেশ পাতিল, ওমরাজে নিম্বলকর, ভৌসাহেব ওয়াকচৌর এবং সঞ্জয় যাদব। এর আগে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্যর জন্মদিনের পার্টিতেও এই ছয় সাংসদ যোগ দেননি।
বুধবার লোকসভা স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন একনাথ শিন্ডের ছেলে তথা কেন্দ্রীয় মন্ত্রী শ্রীকান্ত ও ওমরাজে নিম্বলকর। বাকি ৫ সাংসদ স্পিকারের সঙ্গে দেখা করে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছেন।
বিক্ষুব্ধ ছয় সাংসদ সম্ভবত ২০ জুন সাক্ষাৎ করবেন একনাথ শিন্ডের সঙ্গে। দুদিন আগে দিল্লিতে উদ্ধব শিবিরের সাংসদ সঞ্জয় দেশমুখের সঙ্গে শিন্ডেসেনার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদবের বৈঠক হয়। সেই বৈঠকের পর দল ভাঙনের জল্পনা বাড়ছিল।
এরই মধ্যে জল্পনা তৈরি হয়েছে, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিতে (এসপি) ভাঙনের আশঙ্কা নিয়ে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য দাবি করেন, সমাজবাদী পার্টির ২৫ সাংসদ বিজেপিতে যোগ দেবেন। বুধবার সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি (এসবিএসপি)-র প্রতিষ্ঠাতা ওমপ্রকাশ রাজভর দাবি করেছেন, এসপির নেতা এবং জনপ্রতিনিধিদের বড় অংশই দল ছাড়তে প্রস্তুত। ওমপ্রকাশ একদা অখিলেশের সহযোগী ছিলেন। ২০২৩ সালে তিনি এসপির সঙ্গ ছেড়ে এনডিএ-তে যোগ দিয়েছিলেন। ওমপ্রকাশ এক্স পোস্টে লিখেছেন, সমাজবাদী পার্টিতে বিভাজন হতে চলেছে। রামগোপাল যাদব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি দিয়েছেন। ফাঁস চেপে বসার সম্ভাবনা তৈরি হওয়ায় এসপি উদ্বিগ্ন। মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গের কথা বাদ দিন, পুরো এসপি বিজেপিতে যোগ দিতে প্রস্তুত।
যদিও এসপি সুপ্রিমো অখিলেশ যাদব বলেছেন, যাঁরা সাহসী তাঁরাই এসপিতে থাকবেন। আমি ভয় পাই না।
তৃণমূলের ২০, শিবসেনার ৬ সাংসদের এনডিএকে সমর্থন করার বন্দোবস্ত প্রায় হয়ে গেছে বলা যায়। এঁদের সঙ্গে সমাজবাদী পার্টির ২৫ সাংসদ দল পাল্টালে এনডিএর পক্ষে লোকসভায় দুই-তৃতীয়াংশ সমর্থন শুধু সময়ের অপেক্ষা।
Prev Post