মেঘ-বৃষ্টি, পশ্চিমবঙ্গের ১০ জেলায় হলুদ সতর্কতা

33

পৃথা দাশগুপ্ত, কলকাতা: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গেও বৃষ্টিতে গরম থেকে রেহায় মিলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় সপ্তাহ শেষে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। শনি ও রবিবার কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। ‌পাশাপাশি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে খবর, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে যা হরিয়ানা এবং উত্তর প্রদেশের উপর দিয়ে রয়েছে।

দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ থাকবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ,পশ্চিম বর্ধমান ,পুরুলিয়া, বাঁকুড়াতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শনিবার থেকে থেকে তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়াতে। সম্ভাবনা থাকবে হুগলি ,পুরুলিয়া , বাঁকুড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও।

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টিতে ধস নামার পরিস্থিতি বেশকিছু জায়গায়। নীচু এলাকায় জল জমতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। অতিভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে এই পাঁচ জেলার কিছু অংশে। শনিবার থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরেও।
মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

কলকাতায় গরম আর্দ্রতা জনিত অস্বস্তি। হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে বৃষ্টি বাড়লে অস্বস্তি কমবে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।