বাংলাদেশি পুশব্যাক BSF-এর, BGB-র টালবাহানায় জিরো ল্যান্ডে অপেক্ষায় ৫

46

কবীর মণ্ডল, মানকাচর : নাগরিকত্বের প্রমাণপত্র থাকা সত্ত্বেও ঢুকতে দেওয়া হচ্ছে না দেশে। ৫ দিন ধরে No Man’s Land-এ আটকে ৫ বাংলাদেশি। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন তাঁরা। অমানবিক আচরণের অভিযোগ বিজিবির বিরুদ্ধে। মানকাচর জেলার সাহাপাড়া ও ঝালরচর সীমান্তের ঘটনা। দুই দেশের জিরো লাইনে প্লাস্টিকের ছাউনি এখন তাঁদের আস্তানা।

দুই বাংলাদেশি
জিরো লাইনে আটকে দুই বাংলাদেশি

ওপার বাংলার পরিস্থিতি আজও থমথমে। মৌলবাদীদের রোষের শিকার হচ্ছে গ্রামাঞ্চলের বহু মানুষ। তাই প্রাণের ভয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন ৯ বাংলাদেশি। ভেবেছিলেন কোনওমতে ভারতে আশ্রয় নিলে অন্তত প্রাণটা বাঁচবে। নতুন করে জীবন শুরু করার সুযোগ পাবেন। কিন্তু, সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। গত রবিবার দালালচক্রের খপ্পড়ে পড়েন তাঁরা। রাতের অন্ধকারে অবৈধভাবে ঢুকেছিলেন ভারতে। এরপর সোজা গুয়াহাটি। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাঁদের আটক করে গুয়াহাটি পুলিশ। এরপর শুরু হয় পুশব্যাকের পালা। তাঁদের আটক করে নিয়ে আসা হয় মানকাচরের ভারত-বাংলাদেশ সীমান্তে। বিএসএফ তাঁদের পুশব্যাক করে বাংলাদেশে। কিন্তু, তাঁদের বাংলাদেশি হিসেবে মানতে নারাজ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

তাঁদের অভিযোগ, বৈধ পরিচয়পত্র দেখানো সত্ত্বেও দেশে ঢুকতে দিচ্ছে না বিজিবি। ৯ জনের মধ্যে বৃহস্পতিবার রাতে ৪ জনকে দেশে ঢোকার অনুমতি দেয় বাংলাদেশ সরকার। এখনও জিরো লাইনে আটকে পাঁচজন। তাঁদের মধ্যে ময়মনসিংহ জেলার বাসিন্দা ৪ জন এবং সিলেটের সুনামগঞ্জের ১ জন। কী হবে তাঁদের ভবিষ্যৎ? আর কতদিন তাঁদের থাকতে হবে এভাবে। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানকাচর সীমান্ত এলাকার মানুষের মনে।