নিউজ ডেস্ক: অচিরেই বিদ্যুৎ-উদ্বৃত্ত রাজ্য হয়ে উঠবে অসম? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অন্তত সেরকমই দাবি করেছেন। সমাজমাধ্যমে হিমন্তর দাবি, অচিরেই বিদ্যুৎ-উদ্বৃত্ত রাজ্য হয়ে উঠবে অসম। বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগ বাড়ছে এবং চলছে পরিকাঠামো সম্প্রসারণের কাজ।
সমাজমাধ্যমে এবিষয়ে তথ্য দিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমে বর্তমানে ৮২ সাব-স্টেশন রয়েছে, যাদের গ্রিড ক্ষমতা ১০ হাজার এমভিএ এবং ৫৩০০ সার্কিট কিলোমিটার ট্রান্সমিশন নেটওয়ার্ক রয়েছে অসমের বিদ্যুৎ ক্ষেত্রে।

ভবিষ্যতের চাহিদা মেটাতে অসম তাৎপর্যপূর্ণ সম্প্রসারণ প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ১৬টি নতুন সাব-স্টেশন তৈরি, যার ফলে গ্রিড ক্ষমতা বাড়বে আরও ৬৩৪০ এমভিএ, এ ছাড়া নতুন ট্রান্সমিশন লাইনের কাজ চলছে ৯৫৭ সার্কিট কিলোমিটারে।
অসম সরকারের লক্ষ্য বিদ্যুৎ ক্ষেত্রে আরও সাব-স্টেশন যোগ করে সরবরাহ ক্ষমতা বৃদ্দি করা এবং নেটওয়ার্ক সম্প্রসারণ করে অসমের প্রতিটি প্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা, সমাজমাধ্যমে লিখেছেন হিমন্ত বিশ্ব শর্মা।