চিনকে জবাব: সিয়াঙে বিশাল নদী বাঁধ ভারতের

40

নিউজ ডেস্ক: ভারতের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে ইয়ারলুং সাংপোতে বিশাল নদী বাঁধ নির্মাণ করছে চিন। চিনের এই বিশাল প্রকল্পের জন্য তীব্র জলসঙ্কটের মুখোমুখি হতে পারে অসম তথা বাংলাদেশ। চিনকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে সিয়াং নদীর বুকে বিশাল নদী বাঁধ তৈরি করছে ভারতও।

তাহলে কি মরুভূমিতে বদলে যাবে অসম? ব্রহ্মপুত্রকে আটকে দিতে তৈরি হচ্ছে চিন। ব্রহ্মপুত্রের উৎস মুখে বিশাল নদী বাঁধ নির্মাণ করছে চিন। স্যাটেলাইটের তোলা ছবিতে ধরা পড়েছে ভয়াবহ এই ছবি।

অসমের অন্যতম ভাগ্যবিধাতা হিসেবে পরিচিত ব্রহ্মপুত্রকে পুরোপুরি শুকিয়ে দেওয়ার দীর্ঘদিনের যে পরিকল্পনা ছিল চিনের তা ক্রমশ বাস্তব রূপ পাচ্ছে। ভারতের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে ইয়ারলুং সাংপোতে বিশাল নদী বাঁধ নির্মাণ করছে চিন।
১৩৭ বিলিয়ন আমেরিকান ডলার ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বিশাল এই নদী বাঁধ। এই প্রকল্পের মাধ্যমে ৩০০ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য প্রতিবেশী চিনের। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে প্রায় ৩০ কোটি চিনা লোক উপকৃত হবেন। মিটে যাবে তাদের বিদ্যুতের চাহিদা।

কিন্তু চিনের এই বিশাল প্রকল্পের জন্য তীব্র জলসঙ্কটের মুখোমুখি হতে পারে অসম তথা বাংলাদেশ। ব্রহ্মপুত্রের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা অসম তথা বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে এই নদী বাঁধ। কারণ, অরুণাচল সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে এই নদী বাঁধ।
বিশাল এই নদী বাঁধের জলোচ্ছ্বাস এক পলকে প্রলয়ের সৃষ্টি করতে পারে অসমে একেবারে আচমকা শুকিয়ে যেতে পারে বিশাল ব্রহ্মপুত্রও। উল্লেখ্য, ২০২৪ এর ডিসেম্বরে ইয়ারলুং সাংপোতে বিশাল এই নদী বাঁধ নির্মাণের জন্য অনুমোদন জানিয়েছিল বেইজিং। ২০২৫ এর জুলাইয়ে চিনের প্রধানমন্ত্রী লি কিয়াঙ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন।

কিন্তু ব্রহ্মপুত্রের উৎস মুখে বাঁধ নির্মাণ না করার জন্য বারবার চিনকে অনুরোধ করে আসছে ভারত। জানিয়ে আসছে নিজেদের আপত্তির কথা। কিন্তু চিন ভারতের এই আপত্তিকে পাত্তাই দেয়নি। বিশাল এই নদী বাঁধ ভারতের কোনও ক্ষতি করবে না বলেই জানিয়ে আসছে বেইজিং। বরং ইয়ারলুং সাংপো নদী বাঁধের ফলে অসমের ৩২.৬ শতাংশ এবং বাংলাদেশের ১৪.৮ শতাংশ বন্য সমস্যা কমে আসবে বলে পাল্টা দাবি করছে চিন। কিন্তু চিনের এই আশ্বাসে কোনওভাবেই আশ্বস্ত নয় ভারত।
কারণ, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় নদী বাঁধ ইয়াঙসি নদীর থ্রি গজ বাঁধের তিন গুণ হবে ইয়ারলুং সাংপোর বাঁধ। আর তাই চিনকে পাল্টা চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছে ভারতও। সিয়াং নদীর বুকে চিনের সমান্তরাল ভাবে ভারতও নির্মাণ করছে বিশাল নদী বাঁধ।

NHPC-র তৈরি করা এই নদীবাঁধ ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে। ভারতের সবচেয়ে বড় এই নদীবাঁধ ১ লক্ষ ৫০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে। মজার ঘটনা হল, সিয়াং নদীর বাঁধ অসমে কোনও বিরূপ প্রভাব ফেলবে কিনা এনিয়েও চলছে আলোচনা। সবমিলিয়ে নদী বাঁধ আগামীদিনে অসমের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারেই বলেই আশঙ্কা করছেন পরিবেশ বিদরা।