গার্ডেনরিচে দেশীয় প্রযুক্তির তিন যুদ্ধজাহাজ উদ্বোধনে মোদী

18

পৃথা দাশগুপ্ত, কলকাতা: কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি তিনটি ভারতীয় যুদ্ধ জাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনটি যুদ্ধ জাহাজ নৌ সেনার হাতে তুলে দেওয়া হয়। আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। গার্ডেনরিচ শিপবিল্ডার্সে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই যুদ্ধ জাহাজগুলি। মার্চেই এই তিন যুদ্ধজাহাজ নৌসেনার জন্য প্রস্তত ছিল। শুধু আনুষ্ঠানিক ভাবে এগুলো নৌসেনার হাতে তুলে দেওয়া বাকি ছিল। আন্তর্জাতিক যোগ দিবসের দিন বাছা হল নৌসেনার হাতে সেই তিন জাহাজ তুলে দেওয়ার জন্য।

আইএন‌এস দুনাগিরির বিশেষত্ব :

জাহাজটি প্রজেক্ট ১৭এ -র পঞ্চম ফ্রিগেট এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা কলকাতায় নির্মিত এই শ্রেণির দ্বিতীয় জাহাজ। শক্তিশালী ব্রহ্মস সারফেস-টু-সারফেস মিসাইল এবং মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম সজ্জিত।

আইএন‌এস অগ্রয়ের বিশেষত্ব :

ভারতীয় নৌবাহিনীর একটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত আর্নালা-শ্রেণির বিধ্বংসী যুদ্ধজাহাজ। এটি বিশেষ ভাবে গভীর সমুদ্রে শত্রু দেশের সাবমেরিন শনাক্ত করতে এবং ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি টর্পেডো, রকেট লঞ্চার এবং অত্যাধুনিক অগভীর জলের সিস্টেমে সজ্জিত।

আইএন‌এস সংশোধকের বিশেষত্ব:

ভারতীয় নৌবাহিনীর জন্য গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স দ্বারা নির্মিত একটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ। এটি ‘সন্ধ্যায়ক’ শ্রেণির চতুর্থ ও চূড়ান্ত জাহাজ যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। উপকূলীয় ও গভীর সমুদ্রের নিখুঁত হাইড্রোগ্রাফিক অপারেশন, যা সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, নেভিগেশনাল রুট নির্ধারণ এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করতে সাহায্য করে।

এদিন সকাল সাড়ে ন’টা নাগাদ গার্ডেনরিচে পৌঁছন মোদী। এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। এ ছাড়াও নৌ এবং বায়ুসেনার আধিকারিকেরাও উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আজ আন্তর্জাতিক যোগ দিবসে পশ্চিমবঙ্গের মহান ভূমিতে আসার সুযোগ পেয়েছি। এই ভূমি ভারতকে নতুন দিশা ও পুনর্জাগরণের পথ দেখিয়েছে। সমুদ্রপথে গোটা বিশ্বকে জুড়েছে বাংলা। নৌশক্তি ছাড়া দেশের শক্তিবৃদ্ধি সম্ভব নয়। আত্মনির্ভর ভারতের নৌসেনার শক্তি। আইএনএস দুনাগিরি নৌসেনার শক্তি বাড়াবে। সেনাবাহিনীর প্রতিটি ক্ষেত্রেই দেশীয় প্রযুক্তির উপরে নির্ভরতা বাড়িয়েছে ভারত। এই তিন যুদ্ধজাহাজ তার অন্যতম প্রমাণ।”

“সমুদ্রক্ষেত্রে বিনিয়োগের উপর জোর দেওয়া হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।ভবিষ্যতের কথা ভেবে শক্তি বাড়াচ্ছে ভারত। ভারত সমুদ্রশক্তির এক নতুন দিশায় যাচ্ছে। আগামী দিনে আরও শক্তি বাড়ানো হবে।”