শিলচর সেকেন্ড লিঙ্ক রোডে দেহব্যবসার চক্র উৎখাত

85

আহাদুল আহমেদ: দেহব্যবসাকে কেন্দ্র করে শিলচর সেকেন্ড লিঙ্ক রোডে উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশি অভিযানে উৎখাত করা হয় দেহব্যবসা চক্র। গ্রেফতার ৩ তরুণী সহ ৩ যুবক ও চক্রের মূল পাণ্ডা।
রবিবার রাতে শিলচর লিঙ্ক রোডে একটি দেহব্যবসা চক্র নিয়ে হুলস্থূল পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, লিঙ্ক রোডের ১৪নম্বর লেনের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে দেহব্যবসা চলছে। দিনে-দপুরে যখন তখন ওই বাড়িতে যুবক-যুবতীদের আনাগোনা চলে। এতে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয়রা। প্রতিবাদ জানালে চক্রের সদস্যরা স্থানীয়দের উপর চড়াও হয়। মারধরের হুমকিও দেয় বলে অভিযোগ। এর ফলে স্থানীয়দের একাংশ ভয়ে মুখে কুলুপ এঁটে থাকতেন। আগেও বহুবার তাঁরা এ বিষয়ে বাড়ির মালিককে জানিয়েছেন, কিন্তু বাড়ির মালিক এতে কোন গুরুত্ব দেননি বলে অভিযোগ। বরং দিন দিন ওই অবৈধ কারবার বাড়ছে বলে অভিযোগ। তবে রবিবার রাতে স্থানীয়দের একাংশ দল বেঁধে ওই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। পুলিশে খবর দিলে, পুলিশ এসে বাড়িতে চড়াও হয়।

পুলিশ আসতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দেহ ব্যবসার সঙ্গে যারা জড়িত বলে অভিযোগ, তারা দা হাতে নিয়ে পুলিশের দিকে তেড়ে যায়। পরে পুলিশ বাড়ির গ্রিলের দরজা ভেঙে ভিতরে ঢোকে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পাকড়াও করা হয় অভিযুক্তদের। ৩তরুণী সহ ৩যুবক ও চক্রের মূল পাণ্ডা এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। পরে অভিযুক্তদের রাঙেরখাড়ি থানায় নিয়ে যায় পুলিশ। রবিবার রাতের এই ঘটনায় অঞ্চলজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।