রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ল ২০ শতাংশ- বাজেটে বড় ঘোষণা

35

পৃথা দাশগুপ্ত,কলকাতা:ক্ষমতায় আসার পর প্রথম বাজেটেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি । ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। আগে ১৮ শতাংশ ডিএ পেতেন কর্মীরা। এবার থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। ১ অক্টোবর থেকেই নতুন হারে মহার্ঘ্য ভাতা পাবেন সরকারী কর্মীরা।

আজ বাজেট ঘোষণা করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “আমরা ঘোষণা করছি যে বর্তমানে ১৮ শতাংশ মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত ২০ শতাংশ ডিএ দেওয়া হবে। অর্থাৎ মোট ডিএ হার হবে ৩৮ শতাংশ। পেনশনপ্রাপকরা অতিরিক্ত ডিএ পাবেন। এই ডিএ বৃদ্ধি ১ অক্টোবর থেকে কার্যকর হবে।”

যদিও প্রথম থেকেই কেন্দ্রীয় হারে ডিএ -র দাবি করে আসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রের কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান। জানুয়ারি মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৬০ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। সেই হিসাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ-র সঙ্গে কেন্দ্রের ফারাক এখনও অনেকটাই।

বিগত সরকারের বিরুদ্ধে এই ডি এ নিয়ে বছরের পর বছর আন্দোলন করেছেন কর্মীরা। দাবি, কেন্দ্রীয় হারে ডিএ ও বকেয়া মহার্ঘ ভাতা মেটানো। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ডিএ বেড়ে ২২ শতাংশ হয়েছিল। যা এপ্রিল মাস থেকে কার্যকর করার কথা থাকলেও হয়নি বলে অভিযোগ। আজ ডিএ বৃদ্ধির ঘোষণার পর কেন্দ্রের সঙ্গে ফারাক অনেকটা কমলেও রাজ্য সরকারী কর্মচারীদের দাবি কী আদৌ মিটল ? প্রশ্ন থেকেই যাচ্ছে