মমতার মামলায় ইভিএম, ভিভিপ্যাট, সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

14

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ভবানীপুরে নির্বাচনী পরাজয়কে মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করে ১৬ জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে একটি ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? গণনায় কারচুপির অভিযোগে দায়ের হওয়া এই মামলায় ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং ভিডিও ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তর। ভবানীপুর বিধানসভা নির্বাচনের গণনায় যাবতীয় তথ্য অর্থাৎ সিসিটিভি ফুটেজ, ভিভি প্যাট, ইভিএম, সংরক্ষণ করে রাখার নিদের্শ দেওয়া হয়েছে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা প্রক্রিয়া চলেছিল, সেই স্কুলের ভেতরের এবং বাইরের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাতে সম্পূর্ণ সুরক্ষিত থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ভবানীপুর বিধানসভা নির্বাচনে গণনায় কারচুপি মামলায় সবপক্ষকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া কোনও তথ্য মোছা যাবে না। দু’মাস পর হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি।