অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি

33

পৃথা দাশগুপ্ত, কলকাতা: ৪ তারিখের পর ডিজে বাজবে। এই মন্তব্যে আরও বিপাকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি চেয়েছিল সি আই ডি। সেই অনুমতি মিলল।

বিধানসভা নির্বাচনের প্রচারে বাগুইআটিতে একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেফাঁস মন্তব্য করেছিলেন। বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব!”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি মামলা দায়ের করেছিলেন বাগুইআটির এক বাসিন্দা।

পরে মামলার তদন্তভার যায় সিআইডির হাতে। তদন্তভার হাতে পাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডির গোয়েন্দারা। ডিজে মামলার তদন্তের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বোনের বাড়িতেও অভিযান চালিয়েছিল সিআইডি। সেখানে মমতার বোনের মেয়ে অদিতি গায়েনের সঙ্গে কথা বলেন সিআইডির আধিকারিকরা। অদিতি অভিষেকের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট সামলাতেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন জানান সিআইডির আইনজীবীরা। সেই আবেদনই মঞ্জুর করেছে আদালত। আগামী ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বর সংগ্রহের দিন নির্ধারণ হয়েছে।