নিউজ ডেস্ক: অরুণাচল প্রদেশের কেয়ি পানইয়োর জেলায় ভারী বৃষ্টির জেরে ভেসে গেল ১৫টি বাড়ি, নিখোঁজ এক মহিলা। ইয়াজালি এলাকায় নিপকো প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির জেরে। পুসা এলাকার তিনটি গ্রাম তিনটি গ্রাম বিপর্যস্ত। ধসে বিধ্বস্ত পোসা, পিটাপুল ও নেপো কলোনির ঘরবাড়ি।
মঙ্গলবার রাত ও বুধবার সকালে টানা বৃষ্টি হয়েছে অরুণাচল প্রদেশের পানইয়োর জেলায়। পাহাড় থেকে নেমে এসেছে হড়পা বান।
অরুণাচল প্রদেশের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে যে নির্মীয়মাণ একটি দেওয়াল ভেঙে পড়ায় পাহাড় থেকে বৃষ্টির জল নেমেছে নিচু এলাকায়। যা নিপকো প্রকল্পের পাশেই রয়েছে।
অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু দায় এড়িয়ে বলেছেন, প্রকৃতির ওপর কারো হাত নেই। উদ্ধার কাজে নেমেছে এনডিআরএফ। ইয়াজালি এলাকায় যাবতীয় যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। সতর্কতা হিসেবে ইয়াজালি এলাকায় নিপকো যাবতীয় কার্যকলাপ স্থগিত রেখেছে।
ভারী বৃষ্টির জেরে ব্যাপক ভূমি ধস দেখা গেছে। পোতিন ও হজ এলাকায় জাতীয় সড়কের পাশে বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
কেয়ি পানইয়োরের জেলাশাসক শ্বেতা মেহতা জানিয়েছেন, নিম্ন সুবনসিড়িতে জিরোগামী পথ এড়িয়ে চলাই ভালো। জেলা প্রশাসন জাতীয় সড়ক মুক্ত করার কাজ শুরু করেছে।