পৃথা দাশগুপ্ত, কলকাতা: এবার বড় নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার। শহরে বড় ঘটনা বা বিপর্যয় মোকাবিলায় বাড়ছে তৎপরতা। কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নির্দেশিকা জারি করেন।
লালবাজার জানিয়েছে, যে কোনও বড় ঘটনা, দুর্ঘটনা, প্রাকৃতিক বিপর্যয় বা অন্য কোনও গুরুত্বপূর্ণ পরিস্থিতির ক্ষেত্রে স্থানীয় থানার সঙ্গে লালবাজারে কন্ট্রোল রুমের যোগাযোগ তৎক্ষণাৎ করতে হবে। এক্ষেত্রে থানার কিছু গাফিলতি দেখা গেছে। আর তাই যে কোন বড় বিপর্যয়ের ক্ষেত্রে লাল বাজারের কাছে খবর যেতে বেশ খানিকটা দেরি হচ্ছে এমনটাই অভিযোগ করছেন কলকাতার পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার মনে করছেন যত দ্রুত তথ্য সরবরাহ করা হবে, তত দ্রুত পুলিশ পদক্ষেপ করতে পারবে।
কলকাতা পুলিশ কমিশনারের চার দফার নির্দেশে বলা হয়েছে—
বড় কোনও ঘটনা, দুর্যোগ বিপর্যয় যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রভাব পড়তে পারে এমন কোনও ঘটনা ঘটলে, সংশ্লিষ্ট থানার ওসিকে সময় নষ্ট না করে লালবাজারের কন্ট্রোল রুম এবং বিভাগীয় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হবে।
লালবাজার কন্ট্রোল রুম অবিলম্বে ঘটনার রিপোর্ট পাঠাবে সংশ্লিষ্ট সমস্ত শীর্ষ আধিকারিককে। তাঁরা সেই সময় ছুটিতে থাকলেও তাঁদের কাছে রিপোর্ট পৌঁছে যাওয়া চাই। যাতে তারা সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন।
একই ভাবে, স্থানীয় থানা থেকে খবর পেয়ে বিভাগীয় কন্ট্রোল রুম ঘটনার বিস্তারিত রিপোর্ট পৌঁছে দেবে বিভাগীয় ডিসি-র কাছে।
সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে যোগাযোগ রেখে চলতে হবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিশ্চিত করতে যা করা দরকার, করতে হবে। জরুরি ভিত্তিতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এই নির্দেশ কেউ অমান্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন সিপি।