পৃথা দাশগুপ্ত,কলকাতা:অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতি স্বীকার করতেই হল। কারণ তাঁকে কন্ঠস্বরের নমুনা দিতেই হবে। কন্ঠস্বরের নমুনা নেওয়া হবে ৮ জুলাই। সকাল ১০টায় বিধাননগর আদালতে তাঁকে পৌঁছতে হবে, সেখানেই নেওয়া হবে কন্ঠস্বরের নমুনা । মঙ্গলবার বিধাননগর আদালতে কন্ঠস্বরের নমুনা দেওয়ার কথা থাকলেও, যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তাই তিনি কণ্ঠস্বর এর নমুনা দেওয়ার জন্য যান নি। এসি জে এম আদালতের বিচারক এই কথা শোনার পর ৮ জুলাই তাঁকে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন। সেখানে ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ঠস্বরের নমুনা দিতে হবে।
পাশাপাশি কন্ঠস্বরের নমুনা পরীক্ষা মামলায় স্থগিতাদেশ দেয় নি কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, একটা তদন্ত চলছে, সেখানে কোনভাবেই হস্তক্ষেপ করতে পারে না কলকাতা হাইকোর্ট। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনও রক্ষাকবচও দেওয়া হল না। শুধু তাই নয়, এই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছেই মামলা ফেরত পাঠানো হল।
বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ৪ঠা মে ভোটের ফল ঘোষণার পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগ দায়ের হয়। ওই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতে আবেদন জানিয়েছিল সিআইডি। সেই আবেদন মঞ্জুর হয়েছিল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিলেনতাঁর আইনজীবী। যেহেতু মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি করেও শেষ মুহূর্তে মামলা ছেড়ে দেন, ফলে ওই মামলার দ্রুত শুনানির জন্য নতুন বিচারপতির এজলাস চিহ্নিত করার আবেদন করা হয়েছে। প্রধান বিচারপতি যেহেতু এখন এজলাসে, তাই তিনি এজলাস থেকে নামার পর সম্ভাবনা, আজই নতুন বিচারপতির ঘর চিহ্নিত করে ওই মামলা পাঠানো হতে পারে। আর হাইকোর্টে যেহেতু এই মামলার শুনানি পিছিয়ে গেছে তাই বিধাননগর আদালত কণ্ঠস্বরের নমুনা মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছে ৮ জুলাই।