নয়াদিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠক

21

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি নিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশকুমার ও কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করার কৌশল ঠিক করতে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে বিরোধী ‘ইন্ডি’ জোটের। এসআইআর, ভোটার তালিকা নিয়ে জ্ঞানেশকুমার ও বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করার বৈঠক।
কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এই বৈঠকে ২০টিরও বেশি রাজনৈতিক দলের নেতা ও প্রতিনিধি উপস্থিত থাকবেন। বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করবেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে সমাজবাদী পার্টি (এসপি) এই বৈঠকে তাদের দুই সাংসদ হরেন্দ্র মালিক ও মৌলানা মুহিবুল্লাহ নাদভিকে পাঠিয়েছে। কংগ্রেস ও এসপি জানিয়েছে যে, উত্তরপ্রদেশের রাজ্যসভা নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় অখিলেশ যাদব নিজে না এসে তাঁর প্রতিনিধিদের পাঠাচ্ছেন।
বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডির তেজস্বী যাদব, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি (এসপি)-র সুপ্রিয়া সুলে, সিপিএম-এর সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই প্রধান ডি. রাজা, সিপিআই (এমএল)-এর নেতা দীপংকর ভট্টাচার্য এবং নির্দল সাংসদ কপিল সিবাল প্রমুখ।
এই বৈঠকে দেশজুড়ে আন্দোলন শুরুর একটি কৌশলও নির্ধারণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ ও জনসভা আয়োজনের পাশাপাশি সংসদে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবও উত্থাপন করা হবে।
বিজেপির ‘পুতুল’ আখ্যা দিয়ে জ্ঞানেশকুমারকে অপসারণের দাবি কংগ্রেস ওয়ার্কিং কমিটি জানানোর ঠিক পরের দিনই এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
তবে নির্বাচন কমিশন ও সরকারি সূত্রগুলো জ্ঞানেশকুমারের বিরুদ্ধে আনা সমালোচনা প্রত্যাখ্যান করেছে এবং একে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে অভিহিত করেছে।