নিউজ ডেস্ক: নগাঁও লোকসভা উপনির্বাচনের প্রচারে ভোটারদের কাছে হিমন্ত বিশ্ব শর্মার আহ্বান, একবার আমাদের সুযোগ দিন। একবার বিজেপিকে ভোট দিয়ে দেখুন কাজ হয় কি না, পছন্দ না হলে তারপর না হয় বাতিল করবেন, আহ্বান হিমন্তর। নির্বাচনী জনসভায় ভাষণে হিমন্ত বলেন যে, এই ভোটের ফল যাই হোক না কেন, গত ১০ বছর ধরে অসম শাসন করেছে বিজেপি এবং আরও পাঁচ বছর ক্ষমতায় থাকবে।
নগাঁও অঞ্চলের আটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তুলনা করে হিমন্ত দাবি করেন যে, রহা, জাগিরোড, নগাঁও ও মরিগাঁওয়ের তুলনায় ধিং, রূপহীহাট, সামাগুড়ি ও লাহরিঘাটে উন্নয়ন কম হয়েছে। তিনি বলেন, এটি একটি সুযোগ। আমার বিশ্বাস, উন্নয়নের স্বার্থে ধিং, রূপহীহাট, সামাগুড়ি ও লাহরিঘাটের মানুষ আমাদের ভোট দেবেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার ১.৫ লক্ষ কোটি টাকার তহবিল ব্যবহার করে উন্নয়নমূলক কাজ করার পরিকল্পনা নিয়েছে। তিনি আরও বলেন যে, ভোটাররা পরবর্তী নির্বাচনে সিদ্ধান্ত নেওয়ার আগে বিজেপির কাজের মূল্যায়ন করতে পারেন।
হিমন্ত বলেন, আমাদের একটি সুযোগ দিন। এবার যদি আমরা মানুষের জন্য কাজ করি, তবেই পরেরবার আমাদের ভোট দেবেন। আমরা যদি ধিংয়ের জন্য কাজ না করি, তবে ২০৩১ সালে ধিংয়ের মানুষের আমাদের ভোট দেওয়ার প্রয়োজন নেই। একবার আমাদের যাচাই করে দেখুন।
চর এলাকার ভোটারদের কাছে সমর্থন চেয়ে হিমন্ত বলেন, ওই এলাকার মানুষ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেন, তবে মোদীও তাঁদের জন্য কাজ করে সেই সমর্থনের প্রতিদান দেবেন। এটি কেবল একটি উপনির্বাচন। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী একই থাকবেন। আপনারা ভোট দিন বা না দিন, তাতে কোনও ক্ষতি নেই। আমাদের একবার সুযোগ দিন, বলেন হিমন্ত বিশ্ব শর্মা।
কংগ্রেস নেতা গৌরব গগৈকে কটাক্ষ করে শর্মা বলেন, গৌরব যদি তাঁকে কোনও তালিকা দেন, তবে তিনি কংগ্রেস নেতাদের বিজেপিতে যোগ দেওয়ানোর জন্য প্রস্তুত। হিমন্ত আরও দাবি করেন যে কংগ্রেস প্রার্থী শিবমণি বরা বিজেপিতে যোগ দিতে আগ্রহী।
কংগ্রেসকে কটাক্ষ করে হিমন্ত বলেছেন, যে শেষ পর্যন্ত কংগ্রেস এমন একটি দলে পরিণত হতে পারে যার নেতৃত্বে শুধু গৌরব গগৈই থাকবেন। এমন একদিন আসবে যখন কংগ্রেসে কেবল গৌরব গগৈই থাকবেন, তাঁর পেছনে আর কেউ থাকবে না, বলেন হিমন্ত।
আজ মানুষ এই প্রশ্নটিই করছে: হিমন্ত বিশ্ব শর্মার আমলে যদি আমরা কোনো টাকা-পয়সা ছাড়াই চাকরি পেতে পারি, তবে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন কেন আমরা চাকরি পাইনি? বলেছেন হিমন্ত।
শিল্প উন্নয়নের বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জাগিরোডে সেমিকন্ডাক্টর প্রকল্পের পাশাপাশি মরিগাঁও ও জাগিরোডে তিনটি করে নতুন শিল্প স্থাপন করা হবে। তিনি দুগ্ধ সমবায় সমিতি গঠনের মাধ্যমে নারীদের নিয়ে একটি দুগ্ধ প্রকল্প চালুর পরিকল্পনার কথাও ঘোষণা করেন।
Prev Post