বন্যায় বিপর্যস্ত অসমকে সাহায্যের প্রতিশ্রুতি কেন্দ্রের

30

নিউজ ডেস্ক: অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অন্তত ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। দুর্গতদের ত্রাণ, পুনর্বাসনের পূর্ণ সহায়তার আশ্বাস কেন্দ্রীয় সরকারের।
অসমের বিশ্বনাথ, ধেমাজি, ডিব্রুগড় ও নলবাড়ি জেলায় প্রায় ৫০ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। শুধু ধেমাজি জেলায় ৪৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। এরপর রয়েছে ডিব্রুগড়, সেখানে ৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। বিশ্বনাথ জেলায় অন্তত ৫০০ মানুষ জলের সঙ্গে মোকাবিলা করছে। বন্যা পরিস্থিতিতে অসমে এখন পর্যন্ত মৃত ১।


কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু ধেমাজির বিভিন্ন স্থান পরিদর্শন করেন হেলিকপ্টারে। দুর্গতদের উদ্ধার, ত্রাণ, পুনর্বাসন ব্যবস্থার খোঁজ নেন তাঁরা। কৃষিমন্ত্রী শিবরাজ বলেছেন, খুব বড় সংকট, আমরা বন্যার ভয়াবহতা দেখেছি। বন্যা পরিস্থিতিতে অসমকে সবরকম সহায়তা করবে কেন্দ্রীয় সরকার, বলেন শিবরাজ। জলের তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি, বিদ্যুতের স্তম্ভ উপড়ে ফেলেছে জল, কৃষিজমিতে ফসলের ক্ষতি হয়েছে এবং বহু গৃহপালিত জীবজন্তু মারা গেছে। সবকিছু খতিয়ে দেখা হচ্ছে, জানান শিবরাজ সিং চৌহান। এইসঙ্গে তিনি যোগ করেন, প্রতিবেশী রাজ্য অরুণাচলেও বৃষ্টির ফলে বিভিন্ন জেলা ক্ষতিগ্রস্ত, দুটি রাজ্যকেই কেন্দ্রীয় সরকার সাহায্য করবে।


বর্তমানে অসমে ১৩টি আশ্রয় শিবিরে রয়েছে ১৫৩ জন ঘরহারা। ধেমাজি জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে বন্যাক্রান্ত ৭১৩ জনকে। এখনও জলে ডুবে রয়েছে ১৭৯ গ্রাম, ২,১১৭ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত। নিমাতিঘাটে ব্রহ্মপুত্র বইছে বিপদসীমার ওপর দিয়ে। গোটা রাজ্যে বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৮২,৮৮৩ গৃহপালিত জীবজন্তু। শিবরাজ সিং চৌহান বলেছেন, এবছর এল নিনোর প্রভাব পড়তে পারে অসমে। অসমের অন্তত ১২টি জেলায় তীব্র গরম দেখা দিতে পারে।