অসমে তরুণ ভারতীয়দের সংসদ

29

নিউজ ডেস্ক: ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অসম বিধানসভা। ৩ ও ৪ জুলাই অসম বিধানসভায় বসবে ইয়ং ইন্ডিয়ানস পার্লামেন্ট। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের (সিআইআই) উদ্যোগে ইয়ং ইন্ডিয়ানস (ওয়াইআই) সংস্থা এই বিষয়ে কাজ করছে অসমের শিক্ষা পর্ষদের সঙ্গে।


অসমের ৩৩ জেলার ১৬৫ পড়ুয়া অসম বিধানসভায় সংসদের আলোচনার মতো পর্বে অংশ নেবে। প্রতিটি জেলার পড়ুয়ারা নিজেদের মধ্যে একটি বিতর্কে অংশ নেবে, তারপর প্রথম দুজনকে বেছে নেওয়া হবে। এরপর ৩৩ জেলার ৬৬ পডুয়া বিতর্কে অংশ নেবে বেসরকারি স্কুলের ১০০ পডুয়ার সঙ্গে।


ইয়ং ইন্ডিয়ানস সংস্থার গুয়াহাটি শাখা এই বিতর্কের আয়োজন করেছে। এর মূল লক্ষ্য পড়ুয়াদের মধ্যে নাগরিক দায়িত্ব, সাংবিধানিক সচেতনতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অংশগ্রহণে উৎসাহ দেওয়া। এই উদ্যোগে নবম থেকে দ্বাদশ শ্রেণির পডুয়াদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের কাছে ভারতের সংসদীয় রীতিনীতি জানার দুর্দান্ত সুযোগ এটি।


ইয়ং ইন্ডিয়ানস সংস্থার পক্ষে মেহুল পাসারি বলেছেন, দুদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধারণা করতে পারবে সাংসদ, মন্ত্রী, বিরোধী নেতা, বিভিন্ন কমিটির সদস্যদের সাংসদে কী ভূমিকা থাকে। এ ছাড়া নীতি সংক্রান্ত বিতর্ক, আইনসভার খসড়া, কোনও বিষয় উপস্থাপন কীভাবে করতে হয় সেটাও জানতে পারবে পড়ুয়ারা। এটা এভাবে রূপায়ণ করা হয়েছে যাতে পড়ুয়ারা সৃষ্টিশীল চিন্তা করতে, প্রকাশ্যে ভাষণ দিতে, সমন্বয়, নেতৃত্ব এবং নীতিগত সিদ্ধান্ত নিতে সমর্থ হয়। এর ফলে প্রশাসন এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্থা সম্পর্কেও জানতে পারবে অংশগ্রহণকারীরা।


অসমের বিদ্যালয় শিক্ষা পর্ষদের চেয়ারম্যান আরসি জৈন বলেছেন, এটা অত্যন্ত মূল্যবান প্ল্যাটফর্ম। দায়িত্বশীল নাগরিক, গণতন্ত্রের গুরুত্ব সম্পর্কে হাতেকলমে শিখতে পারবে পড়ুয়ারা।


৩ জুলাই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম বিধানসভার স্পিকার রঞ্জিতকুমার দাস। আর ৪ জুলাই তরুণ ভারতীয়দের সংসদে উপস্থিত থাকবেন অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগু।