নিজস্ব প্রতিনিধি, শিলচর: অবশেষে স্পা-কাণ্ডে মুখ খুললেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত। সাংবাদিক সম্মেলনে জানান, স্পার রুমটি তিনি শুধুমাত্র ভাড়া দিয়েছিলেন। এই ঘটনায় তিনি বা তাঁর পরিবারের কোনও সদস্য জড়িত নয়। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ডাঃ গুপ্ত। পাশাপাশি পুলিশকেও সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ডাঃ গুপ্তের ভাড়া দেওয়া রুমেই সক্রিয় ছিল মধুচক্র। পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছিল ২৮ তরুণী। স্পার আড়ালে চলত দেহব্যবসার রমরমা। ঘটনায় জড়িত স্পার মালিক এখনও পলাতক। তবে ঘর মালিক হিসেবে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে SIMCH-এর অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত ও তাঁর স্ত্রী শর্মিষ্ঠা গুপ্তকে। প্রথমে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যেতে কালো কাপড়ে মুখ ঢেকেছিলেন চিকিৎসক দম্পতি। তবে এবার সাংবাদিক সম্মেলন ডেকে নিজের অবস্থান স্পষ্ট করেন ডাঃ ভাস্কর গুপ্ত ও তাঁর স্ত্রী। তাঁরা জানিয়েছেন, স্পায় যে দেহব্যবসা চলছিল, সে ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না। পুলিশের অভিযানের পরই তাঁরা বিষয়টি টের পান। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন তাঁরা।