নিউজ ডেস্ক: মণিপুরে ফের নিরাপত্তাবাহিনীর ওপর হামলা। সেনা কনভয়ে বোমা এবং গুলিবৃষ্টিতে নিহত আসাম রাইফেলসের দুই জওয়ান। সোমবার উখরুল জেলায় হামলায় গুরুতর আহত একজন। এখনও কোনও জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। মেইতেই সশস্ত্র গোষ্ঠী পিপলস লিবারেশন আর্মি এই হামলা চালাতে পারে বলে মনে করছে সেনাবাহিনীর একটি সূত্র। উখরুল জেলার ওই অংশে নাগা জঙ্গিদেরও তৎপরতা থাকলেও তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই হামলায় যুক্ত নয়।
সোমবার দুপুরে উখরুল থানা থেকে প্রায় ১৬ কিলোমিটার পূর্বে নুংসাংখং এলাকায় অসম রাইফেল্সের সাংশাক শিবিরগামী ৪০ জওয়ানের কনভয়ের সামনে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণ ঘটিয়ে কনভয়ের গতি রুদ্ধ করে গুলি করতে থাকে জঙ্গিরা। দুই জওয়ান ঘটনাস্থলেই নিহত হন। আশপাশের পাহাড় জঙ্গল ঘিরে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান করলেও কারো সন্ধান পাওয়া যায়নি।
মণিপুরের মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং হামলার নিন্দা করে বলেছেন, সরকার এধরনের নৃশংসতা বরদাস্ত করবে না। নাশকতার নীরব দর্শক হয়ে থাকবে না সরকার। সেপ্টেম্বরে বিষ্ণুপুর জেলায়় অসম রাইফেল্সের গাড়িতে স্বয়ংক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছিল। গুলির লড়াইয়ে দুজন জওয়ানের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন পাঁচজন। ওই হামলায় নাম জড়িয়েছিল নিষিদ্ধ কুকি সংগঠন ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি (ইউকেএনএ)-র। এর পরে মণিপুর জুড়ে ‘অপারেশন সংকট’ শুরু করেছিল অসম রাইফেলস।
Prev Post