ডিজে মামলায় ফের বড়সড় আইনি বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

28

পৃথা দাশগুপ্ত,কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলাটি ফের পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। মামলা পিছালেও, তদন্তে অভিষেকের ‘অসহযোগিতা’র অভিযোগ রাজ্যের। আদালতে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন বিচারপতি। রাজ্য সরকারের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তোলার পর, কেন তিনি তদন্তকারীদের সাহায্য করছেন না, তা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে উচ্চ আদালত।

বিচারপতি সৌগত ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন , অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাঁর কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে। কিন্তু আজ আদালতে রাজ্যের তরফে জানানো হয়, রক্ষাকবচ থাকা সত্ত্বেও সিআইডির সঙ্গে কোনো রকম সহযোগিতা করছেন না ডায়মন্ড হারবারের সাংসদ। বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে প্রশ্ন করেন ” রক্ষাকবচ থাকার পরেও তদন্ত সহযোগিতা করছেন না কেন? তদন্তকারীদের কণ্ঠস্বরের নমুনা দিন ” অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান” ডিজে বক্তব্য আমার, আমি স্বীকার করছি ওটাই আমার কন্ঠ, তাহলে কেন কণ্ঠস্বরে নমুনা পরীক্ষা করতে চান তদন্তকারী আধিকারিকরা? সব শোনার পর আগামী শুক্রবার এই চাঞ্চল্যকর মামলার পরবর্তী শুনানির দিন স্থির করেছেন বিচারপতি।

ডিজে মামলার তদন্তে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। কিন্তু সিআইডির এই পদক্ষেপের বিরোধিতা করে এবং নমুনা দিতে আপত্তি জানিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। শুক্রবার বিচারপতি কি জানান সেদিকেই নজর সকলের। ৮ ই জুলাই কণ্ঠস্বরের নমুনার দিন স্থির হয়েছে। কণ্ঠস্বরের নমুনা দিতে আদালতে যান কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেও নজর সকলের।