মাদক মুক্ত অসম গড়তে একমত শাসক-বিরোধী

41

নিউজ ডেস্ক: বিধানসভায় বাজেট অধিবেশনে মাদক মুক্ত অসম গড়তে একজোট শাসক-বিরোধী। কংগ্রেস বিধায়ক জাকির হুসেন সিকদারের প্রস্তাবে বিধানসভায় মাদক মুক্ত অসম নিয়ে আলোচনা হয়।
জাকির হুসেন সিকদার বলেন, মাদকের কবলে পড়ছে নবপ্রজন্ম, গোটা অসমেই মাদক ব্যবসা চলছে রমরম করে। বহু জায়গায় মাদক পাচারকারীর সঙ্গে পুলিশের যোগাযোগের অভিযোগ উঠেছে। মাদক বিরোধী আইনে কাউকে গ্রেফতার করলেও দ্রুত জামিন পেয়ে যায়।
এআইইউডিএফ বিধায়ক বদরউদ্দিন আজমল বলেন, মাদক ব্যবসায়ীদের ফাঁসি হওয়া উচিত। মাদক পাচারকারীর পক্ষে কোনও উকিল সওয়াল করলে তাঁর লাইসেন্স বাতিলের দাবি তোলেন আজমল।
বিধায়ক ঋষিরাজ হাজরিকা বলেন, মাদকের বিরুদ্ধে এখনও সেই ব্রিটিশ আমলের আইন চলছে। মাদক বিরোধী কড়া আইন দরকার। তাঁর প্রস্তাবকে সমর্থন করেন বিহুপুরিয়ার বিধায়ক ভূপেন বরা।
সোনাই কেন্দ্রের বিধায়ক আমিনুল হক লস্কর অভিযোগ করেছেন যে বরাক উপত্যকার ভারত-বাংলাদেশ সীমান্তের নদীপথে মাদক সরবরাহ চলছে। আন্তর্জাতিক সীমান্তের নদীপথে আরও কড়া তল্লাশি প্রয়োজন। তাঁর অভিযোগ সমর্থন করে জুবের আনম মজুমদার বলেন, বরাক উপত্যকা এখন মাদক পাচারের ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে।
মাদকের বিরুদ্ধে বিরোধীদের অবস্থানকে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার সময় এসেছে। এরপর তিনি বলেন, কয়েকটি মাদক মুক্তি কেন্দ্র থেকেও মাদক পাচারের খবর মিলেছে।