বুধবার বালিগঞ্জ থেকে হাজরা পর্যন্ত মিছিল করবেন মমতা, শর্তসাপেক্ষে অনুমতি হাইকোর্টের

38

পৃথা দাশগুপ্ত,কলকাতা: বারুইপুর কাণ্ডের প্রতিবাদে বুধবার মিছিল করার পরিকল্পনা ছিল কালীঘাট তৃণমূল শিবিরের। তাঁদের অভিযোগ,এই মিছিলের অনুমতি দিচ্ছে না পুলিশ। যদিও পুলিশের দাবি ছিল কী নিয়ে মিছিল, তা বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কি না, এ সব স্পষ্ট করেনি কালীঘাট তৃণমূল। মিছিলের নেতৃত্বে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে কালীঘাট তৃণমূল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়। হাই কোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মামলা দায়ের করার অনুমতি দেয় হাই কোর্ট। সেই মামলায়, এ বার বিচারপতি শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দিলেন।

বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার রাস্তায় নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে নিজের বাড়ির সামনে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন।‌ বাড়ি থেকে বেরোতেই গলির মুখে মিছিল আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। যদিও সেই বাধা টপকে, ব্যারিকেড টপকে মিছিল নিয়ে হরিশ চ্যাটার্জী স্ট্রীট পর্যন্ত মিছিল নিয়ে যাওয়া হয়।

আজ কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, বুধবার মিছিল করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বেশ কিছু শর্ত আরোপ করেছে কলকতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ বুধবার, ৮ জুলাই মিছিলটি বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে হাজরা মোড়ে গিয়ে শেষ করতে হবে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে, তার একটি লেন খোলা রাখতে হবে। দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত মিছিল করা যাবে। মিছিলে ১,০০০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না।