নিউজ ডেস্ক: সংসদে বাদল অধিবেশন শুরুর আগে দেশবাসীর উদ্দেশে বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। দেশের বেসরকারি রকেট উৎক্ষেপণ সংস্থা স্কাইরুট অ্যারোস্পেস প্রসঙ্গে মোদী বলেন, ওখানে গোটা টিমটার গড় বয়স বড়জোর ২৮। এরপরেই বলেন, আমি কোনও ৫৬ বছরের তরুণের কথা বলছি না। স্বাভাবিকভাবেই নাম না করে রাহুল গান্ধীর বয়স নিয়ে খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী। মোদী বলেছেন, শক্তিশালী যুক্তি থাকলে জোরালো তথ্যও থাকবে। সংসদে কোনও ঝড়ের প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, বরাবরের মতোই জরুরি বিষয়ে মুখ খোলেননি প্রধানমন্ত্রী। বিজেপি-আরএসএস কর্মীদের রামমন্দিরে প্রণামী চুরি নিয়ে প্রধানমন্ত্রী নীরব। নিট ইউজি ২০২৬ প্রশ্নফাঁস নিয়ে প্রধানমন্ত্রীর হিরণ্ময় নীরবতা। বিরোধী দলগুলিকে অন্যায়ভাবে ভাঙা নিয়ে প্রধানমন্ত্রীর মুখে কোনও কথা নেই। গণতন্ত্র ধ্বংসের বিল এক দেশ এক নির্বাচন কিংবা সীমানা পুনর্বিন্যাস বিল নিয়েও প্রধানমন্ত্রী নীরব, সমালোচনা জয়রাম রমেশের।