২১ জুলাই থেকে ফিরে আসার পর ইডি-র তলব মদন মিত্রকে

37

পৃথা দাশগুপ্ত,কলকাতা:কিছুদিন আগেই সপরিবারে মদন মিত্রকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করেছিল ইডি। এবার কামারহাটির বিধায়ককে তলব করল ইডি-র তদন্তকারী আধিকারিকরা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ২৩ জুলাই মদন মিত্রর স্ত্রীকে তলব করেছিল ইডি। ২৯ জুলাই মদন মিত্রকে সিজিও কমপ্লেক্সে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। মদন মিত্র জানিয়েছেন , তিনি তদন্তে সহযোগিতা করবেন ।

কামারহাটি পৌরসভায় অবৈধ নিয়োগ মামলায় নাম জড়ায় মদন মিত্রর। জুন মাসেই তাঁর একাধিক বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। ভবানীপুরের বাড়ি ছাড়াও দক্ষিণেশ্বর-সহ একাধিক বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উদ্ধার হয় বেশ কিছু নথিপত্রও।

১৪ জুলাই ইডি নোটিস পাঠায় মদনের পরিবারকে। তারপর ওই দিন সন্ধ্যায় মদন মিত্র হাজির হন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে। দীর্ঘক্ষণ সেখানে বৈঠক করেন । তারপরের দিন বিধানসভায় ঋতব্রত
শিবিরে যোগ দেন তিনি। শিবির বদল করেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়েননি মদন মিত্র।

একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করতে দেখা যায় মদন মিত্রকে। শুধু তাই নয়, ১৯ জুলাইয়ের সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রিমিনাল খুনি বলে বলে আক্রমণ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক। পাল্টা আবার মদন মিত্রকে ১০ কোটির নোটিসও ধরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দেখা গেল একুশে জুলাইয়ের সভা থেকে ফিরতেই মদন মিত্রের কাছে গেল ইডির নোটিস।