নিউজ ডেস্ক: দিল্লি সরকার এক বছরের একটি স্কলারশিপ কর্মসূচি ঘোষণা করেছে। এর আওতায় সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির নির্বাচিত শিক্ষার্থীরা JEE এবং NEET-সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং পাবে। দিল্লি সরকার পুনের একটি এনজিও-র সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে ১ বছরের আবাসিক কোচিং দেবে। এই আবাসিক কোচিং কর্মসূচি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত দক্ষণা ফাউন্ডেশন ক্যাম্পাসে পরিচালিত হবে। শুধু তাই নয় স্কলারশিপের আওতায় এক বছরের কোচিংয়ের পাশাপাশি থাকা এবং খাওয়ার সমস্ত খরচ বহন করবে সরকার।
২০২৬–২৭ শিক্ষাবর্ষে সরকারি বা সরকারি-অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দক্ষণা ফাউন্ডেশনের স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে। দিল্লি শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের Joint Dakshana Selection Test (JDST)-এর মাধ্যমে শিক্ষার্থীদের বাছাই করা হবে। এই পরীক্ষা ডিসেম্বর ২০২৬-এ অনুষ্ঠিত হওয়ার কথা। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বৃহস্পতিবার JEE এবং NEET পরীক্ষার্থীদের জন্য ‘বিহার স্কুল লাইভ ক্লাসেস’ উদ্যোগ এবং একটি বিনামূল্যের অনলাইন কোচিং প্রোগ্রাম চালু করেছেন। বিহার সরকার পাটনার ১০টি মডেল স্কুলে পরীক্ষামূলকভাবে ‘বিহার স্কুল লাইভ ক্লাসেস’ এবং বিনামূল্যে JEE-NEET কোচিং প্রোগ্রাম চালু করেছে, যা পরবর্তীতে রাজ্যের ১৫৫টি মডেল স্কুলেই সম্প্রসারিত করা হবে। নিয়মিত স্কুল ছুটির পর ছাত্রীদের জন্য সন্ধ্যা ৬টা এবং ছাত্রদের জন্য সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিশেষ কোচিং ক্লাস চলবে।