নিউজ ডেস্ক: রাতে মাঝরাস্তায় জন্মদিন পালন। কেক কাটা শেষ হতেই এক তরুণ শূন্যে ছুড়ল এক রাউন্ড গুলি। উচ্চস্বরে চলছিল গান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার করা হয় ১০ জনকে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনা মুম্বইয়ের বোরিভালির। রাত তখন প্রায় সাড়ে ১২টা। ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা গেছে, একটি কালো রঙের ইনোভা গাড়ি রাস্তার মাঝে দাঁড় করিয়ে পালিত হচ্ছে জন্মদিন। গাড়ির বনেটে সাজানো একাধিক কেক। রাস্তাজুড়ে চলছে হইচই ও চিৎকার। এভাবে গাড়ি দাঁড় করানোর ফলে এলাকায় তৈরি হয়ে যানজটের। এক সময় পার্টিতে একটি ‘এয়ারগান’ থেকে গুলি ছুড়তে দেখা যায় এক তরুণকে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ১০ জনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের মতে, প্রকাশ্য রাস্তায় এই ধরনের আচরণে ভঙ্গ হয়েছে জনশৃঙ্খলা। সাধারণ মানুষের নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলেছে। পরিকল্পিতভাবে জন্মদিনে বন্দুক-গুলির ব্যবহার করা হয়েছিল কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ।