UPI নিয়ে বড় স্বস্তি, গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে না: পেমেন্টস কাউন্সিল অব ইন্ডিয়া

33

নিউজ ডেস্ক:ইউপিআই এখন বিশ্বের সবচেয়ে বড় রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমে পরিণত হয়েছে। আর এই UPI পেমেন্টের ওপর সম্ভাব্য ফি আরোপ নিয়ে চলতি সপ্তাহে বিতর্ক শুরু হয়েছে। এর মধ্যেই সরকার The Taxation and Other Laws (Amendment) Bill, 2026 সংসদে পেশ করেছে। বৃহস্পতিবার লোকসভায় পাশ হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা ট্যাক্সেশন অ্যান্ড আদার ল়’জ (সংশোধনী) বিল। যার মাধ্যমে ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’ সংশোধন করার ব্যবস্থা রয়েছে। তবে আশঙ্কা দূর করতে অর্থ মন্ত্রক জানিয়েছে, ভবিষ্যতে MDR চালু হলেও তা গ্রাহকদের উপর চাপানো হবে না। বরং নির্দিষ্ট কিছু বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে একটি ‘নামমাত্র’ ফি নেওয়া হতে পারে। MDR হল এমন একটি ফি, যা ডিজিটাল পেমেন্টের প্রক্রিয়াকরণ, টাকা নিষ্পত্তি এবং প্রয়োজনীয় পরিকাঠামোর খরচ মেটাতে ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হয়। অর্থ মন্ত্রকের বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে MDR যদি চালু হয় তা একটি নির্দিষ্ট সীমার বেশি এবং সীমিত সংখ্যক merchant transaction-এর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এর হারও ডেবিট বা ক্রেডিট কার্ডের MDR-এর তুলনায় অনেক কম রাখা হবে।অর্থাৎ সোজা কথায় সাধারণ মানুষ UPI দিয়ে বন্ধু বা পরিবারের সদস্যকে টাকা পাঠালে কিংবা দৈনন্দিন পেমেন্ট করলেও অতিরিক্ত চার্জ দেওয়ার আশঙ্কা নেই। সরকারের বক্তব্য, UPI-কে সাধারণ মানুষের জন্য সহজলভ্য ও সাশ্রয়ী রাখাই লক্ষ্য সরকারের। সরকার ভবিষ্যতে নির্দিষ্ট কিছু বড় বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ীদের ওপর সামান্য মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) বা ফি চালুর একটি আইনি সুযোগ তৈরি করেছে, যা এখনও কার্যকর করা হয়নি। প্রতি মাসে কোটি কোটি নিরাপদ লেনদেন পরিচালনার জন্য যে পরিকাঠামো প্রয়োজন, তা দীর্ঘমেয়াদে কীভাবে টেকসই রাখা যায়, তা নিয়েই আলোচনা চলছে। তবে এই আলোচনার মধ্যেও গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষিত রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।