ইউজিসি নেটের তিনটি পরীক্ষা বাতিল

32

নিউজ ডেস্ক: পড়ুয়াদের আন্দোলনের চাপে শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার এক মাসও হয়নি, এর মধ্যেই বাতিল হয়ে গেল ইউজিসি নেট-এর তিনটি পরীক্ষা। ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যা বিষয়ের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।
নতুন সূচিতে ৯ সেপ্টেম্বর হবে ইংরেজি ও বাণিজ্যের পরীক্ষা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইংরেজি পরীক্ষা, দুপুর ৩টে থেকে ৬টা পর্যন্ত বাণিজ্য বিষয়ের পরীক্ষা। পরের দিন, ১০ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা।
এবছরের জুনে ৮৭টি বিষয়ের ইউজিসি-নেট পরীক্ষার পরই প্রশ্নপত্রের মান নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। এই পরিস্থিতিতে বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএ বলেছে, তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। এনটিএ-র মতে, এই তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ উঠেছিল। তিনটি বিষয়ের প্রশ্নপত্রে তথ্যগত, মুদ্রণজনিত এবং অনুবাদগত ত্রুটি খুঁজে পাওয়া গেছে। ফের পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না।
ইউজিসি-নিট প্রশ্নফাঁসের অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা দেশ। পড়ুয়াদের চাপে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা আঁটোসাঁটো করতে উদ্যোগী হয়েছে এনটিএ। সংসদে বিল পাস করিয়ে পরীক্ষা-দুর্নীতিতে জড়িতদের শাস্তি বাড়ানো হয়েছে, কিন্তু কিছুতেই প্রশ্নপত্র নিয়ে অভিযোগ সামলাতে পারছে না এনটিএ।