নিউজ ডেস্ক: ঝাড়খণ্ডে চরমে পড়ুয়াদের আন্দোলন। রবিবার শুধু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নয়, সঙ্গে কুশপুতুল পুড়ল রাহুল গান্ধীর। ঝাড়খণ্ড সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করতে হবে কংগ্রেসকে, দাবি একাংশ আন্দোলনকারীর। হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে পড়ুয়ারা।
এই পরিস্থিতিতে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আলোচনার অনুরোধ জানিয়েছেন রাহুল গান্ধী। হেমন্তকে চিঠিতে তিনি লিখেছেন, ভারতের ভবিষ্যৎ পড়ুয়ারা। তাদের দাবি যাই হোক না কেন সরকারের প্রধান হিসেবে হেমন্ত সোরেনের উচিত দায়িত্বশীল হওয়া। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে নিজে কথা বলা। সহানুভূতির সঙ্গে তাদের দাবি বিবেচনা করা।
এর আগে আন্দোলনকারীদের সঙ্গে সরকারের কয়েকবার আলোচনা হয়েছে। তবে জট কাটেনি। আন্দোলনকারীদের সিবিআই তদন্ত এবং জেপিএসসি পরীক্ষা বাতিলের দাবি এখনও পূরণ হয়নি।
রবিবার রাঁচি সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় দাহ করা হয় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তাঁর জোটসঙ্গী কংগ্রেসের রাহুল রাহুল গান্ধী এবং আরজেডির তেজস্বী যাদবের কুশপুতল। যদিও আন্দোলনকারীদের দাবি, এটা বিজেপির ছাত্র সংগঠনের কর্মীরা করেছে।
ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভ নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন রাহুল। বলেছেন, একবার নয়, বার বার আলোচনায় বসতে হবে সরকারকে। আলোচনা প্রক্রিয়া চালু রাখতে হবে। অবিলম্বে পড়ুয়াদের সমস্যার সমাধান করতে হবে।
এতদিন রাহুল গান্ধী মুখে বলছিলেন ঝাড়খণ্ডের আন্দোলনকারীদের পাশে আছেন, এবার সরাসরি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে চিঠি দিলেন।
