পৃথা দাশগুপ্ত,কলকাতা: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, সামনেই চোখের চিকিৎসা। দেশের শীর্ষ আদালতের অনুমতি পাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কিন্তু কেন ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তা ব্যাঙ্কের তরফে স্পষ্ট করা হয়নি। আজ বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য।
আজ এজলাসে তিনি বলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১০৭ ধারা প্রয়োগ ছাড়া কী ভাবে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে? ওই ধারা অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়। মামলাটির দ্রুত শুনানি করা হোক।
বিচারপতি রাও জানতে চান, কোনও তদন্ত কি চলছে কিনা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের নির্দেশ মতো তদন্তে সহযোগিতা করছেন। তার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের কোনও সম্পর্ক নেই।
বিচারপতি রাও জানান, মামলার অন্য পক্ষকে নোটিস দেওয়া হোক। আগামী বুধবার মামলার শুনানি হবে।
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চোখের চিকিৎসা করানোর অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। দেশের শীর্ষ আদালত একাধিক শর্ত আরোপ করে সেই নির্দেশও দিয়েছে।