পরিচর্যায় গাফিলতি, জরিমানা গুয়াহাটির হাসপাতালের

24

নিউজ ডেস্ক: রোগীর পরিচর্যায় গাফিলতির জেরে গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালকে ৫.৮৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অসমের গ্রাহক অভিযোগ নিষ্পত্তি কমিশন এই জরিমানা ধার্য করেছে গুয়াহাটির দিশপুর পলিক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে। মোট ৫,৬৫,৭১৩ টাকা দিতে হবে সংশ্লিষ্ট হাসপাতালকে।


২০১৮ সালের ১৪ আগস্ট সংশ্লিষ্ট হাসপাতালে সিজারিয়ান ডেলিভারি হয় এক মহিলার। অস্ত্রোপচারের পর রোগীকে নিয়ে যাওয়া হয় রিকভারি রুমে। তখন তাঁর ডান পায়ের ঊরুতে ইলেকট্রিক হিটার লেগে যায়। যার ফলে রোগীর ডান ঊরু মারাত্মকভাবে পুড়ে যায়। তখন রোগী অর্ধ-অচেতন অবস্থায় ছিলেন।


কমিশনের নির্দেশে বলা হয়েছে, রোগীর পা পুড়ে গেছে হাসপাতালের অভ্যন্তরে। এই অবহেলার জন্য স্বাভাবিকভাবেই হাসপাতাল দায়িত্ব এড়াতে পারে না। নিজেদের পক্ষে হাসপাতাল কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি।


ক্ষতিপূরণের মধ্যে রয়েছে চিকিৎসা খরচ ৪০,৭১৩ টাকা, অনর্থক যন্ত্রণা ভোগের জন্য এক লক্ষ টাকা, মানসিক ও শারীরিক কষ্টের জন্য দুলক্ষ টাকা, জীবনের স্বাভাবিক সুবিধা হারানোর জন্য এক লক্ষ টাকা, পুড়ে যাওয়ার পর সদ্যোজাতকে স্তন্যপান করাতে না-পারার জন্য এক লক্ষ টাকা এবং ২৫ হাজার টাকা মামলা খরচ, সব মিলিয়ে ৫,৬৫,৭১৩ টাকা দিতে হবে হাসপাতালকে।


এই নির্দেশের ছয় সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের যাবতীয় অর্থ দিতে বলা হয়েছে দিশপুর পলিক্লিনিক ও হাসপাতালকে। ব্যর্থ হলে বছরে ৯ শতাংশ হারে সুদ বাড়বে, বলা হয়েছে অসমের গ্রাহক অভিযোগ নিষ্পত্তি কমিশনের নির্দেশে।