মধ্যরাতে রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়, SFI-ABVP সংঘর্ষ, থানায় বিজেপি বিধায়ক
পৃথা দাশগুপ্ত, কলকাতা: ফের রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। জেনারেল বডি মিটিং অর্থাৎ জিবি মিটিং ঘিরে গন্ডগোলের সূত্রপাত। বুধবার রাতে এসএফআই ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা জিবি মিটিং শুরু হবার ঠিক আগেই বৈঠকের বিরোধিতা করে এবিভিপি। অভিযোগ, এই প্রতিবাদ ঘিরেই দু’পক্ষের মধ্যে প্রথমে শুরু হয় বচসা , শেষ পর্যন্ত হাতাহাতি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।
নির্বাচিত ছাত্র সংসদ নেই, এই অবস্থায় কীভাবে জিবি মিটিং ডাকা হল? আপত্তি তোলে এবিভিপি। বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, এবিভিপিরাই হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করেছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে,
ঘটনাস্থলে পৌঁছয় যাদবপুর থানার পুলিশ এবং যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। আহত পড়ুয়াদের নিয়ে তিনি যাদবপুর থানায় যান এবং ঘটনায় কড়া পদক্ষেপের দাবি জানান। পরে থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ।
দফায় দফায় সংঘর্ষের পর এবিভিপি-র আজ যাদবপুর চলো-র ডাক। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইকের-ও হুঁশিয়ারি। প্রতিবাদে বৃহস্পতিবার পথে বামপন্থী ছাত্র সংগঠন। একই সময় জোড়া কর্মসূচিতে উত্তেজনার পারদ তুঙ্গে। রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পালটা প্রতিবাদে এবিভিপি। পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে বাইরে আগুন ধরিয়ে দেওয়ার ,ইট বৃষ্টির অভিযোগ। যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি -রা। পাল্টা এবিভিপি, এনএসএফ-এর বিরুদ্ধে অভিযোগ ফেটসুর।