দিল্লিতে পাক হাইকমিশনের সামনে চলল বুলডোজার

31

নিউজ ডেস্ক: দিল্লিতে পাকিস্তান হাইকমিশন কার্যালয়ের সামনে বেশ কিছু এলাকা জুড়ে চলল বুলডোজার। হাইকমিশনের আওতাধীন এলাকার বাইরে কিছু ব্যারিকেড ছিল, দিল্লি পুলিশের বুলডোজার সেগুলি ভেঙে দিয়েছে। দুদিন আগে ইসলামাবাদে ভারতের হাইকমিশনের সামনে অতিরিক্ত নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং খুঁটি ভেঙেছে পাক প্রশাসন।
সম্প্রতি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ করে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত সের্গিও গোর বলেছিলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তারপরই ইসলামাবাদে ভারতীয় হাইকমিশন কার্যালয়ের সামনে ব্যারিকেড ভেঙে দেয় পাক প্রশাসন। বৃহস্পতিবার তারই পাল্টা পদক্ষেপ করেছে দিল্লি পুলিশ।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোরের মন্তব্যের পর বুধবার ইসলামাবাদ তলব করেছিল পাকিস্তানের মার্কিন দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে। ইসলামাবাদের তরফে বিবৃতি জারি করে বিরোধিতা করা হয়েছে গোরের মন্তব্যেরও।
সের্গেই কাশ্মীরে গিয়ে বলেছিলেন যে, কাশ্মীর ভ্রমণের জন্য মার্কিন নাগরিকদের যে পরামর্শ দেওয়া হয় তাতে বেশ কিছু বদল আনা হবে। এর বিরোধিতা করে ইসলামাবাদের দাবি, ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্য করা হয়েছে। পাকিস্তান বলেছে, কাশ্মীর সংক্রান্ত বিষয়টি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও ওই অঞ্চলে বসবাসকারী মানুষের চাহিদা অনুযায়ী নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়। আন্তর্জাতিক আইন সম্পর্কে আমেরিকার ঘোষিত অবস্থানের সঙ্গে গোরের মন্তব্যের মিল নেই।
বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের বুলডোজার পাকিস্তান দূতাবাসের সামনে ভিসা বিভাগের সামনের ব্যারিকেড, লাইন দিয়ে দাঁড়ার পরিকাঠামো ভেঙে দেয়। ধাতব রেলিং, গেট, ধাতব ফ্রেম, কংক্রিট, ইট, প্লাস্টার পড়ে থাকে রাস্তায়।
বুলডোজার চালানোর পর ধ্বংসস্তূপের মধ্যে দেখা যায় উইন্ডো ১, পাকিস্তানি পাসপোর্ট ওনলি, উইন্ডো ৫, কালেকশন অব ভিসা অ্যাপ্লিকেশন লেখা জানলা খোলা আছে।