শিলংয়ের গন্ডগোলে আহত অসমের পরিবার

36

নিউজ ডেস্ক: মেঘালয়ের শিলংয়ে খাসি ছাত্র সংস্থার বিক্ষোভে আহত শিশু সহ অসমের পরিবার। বুধবার খাসি ছাত্র সংস্থার কালো পতাকা হাতে নিয়ে বাইক মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে শিলং। মেঘালয়ের বাইরের নম্বর প্লেটওয়ালা গাড়ি, বিশেষ করে অসমের গাড়ি, লক্ষ করে আক্রমণ হয়েছে। পাথর বৃষ্টি, গাড়ি ভাঙচুরে আহত অসমের এক পরিবার।
আহত পরিবার বলেছে, আমরা ঘুরতে এসেছিলাম। কোনও কারণ ছাড়াই আমাদের গাড়িতে হামলা হয়। গাড়ির কাচ ভাঙে, আমার ছেলে আহত। ভাঙা কাচ ওর মুখে লেগেছে, রক্ত ঝরছে। আমরা গুয়াহাটি থেকে শিলংয়ে ঢুকছিলাম, তখনই অতর্কিতে হামলা। এটা কী হচ্ছে? প্রশ্ন তাঁর।
বুধবার মুখে কালো কাপড় বেঁধে একদল যুবক তাণ্ডব চালায় মেঘালয়ের রাজধানী শিলংয়ের বিভিন্ন অংশে। রাস্তায় অসমের নম্বর প্লেটওয়ালা গাড়ি দেখলেই ভাঙচুর, গাড়ির বনেটে উঠে কাচে লাথি, যাত্রীবাহী বাসে পাথরবৃষ্টি, গাড়ি পোড়ানো চলেছে নির্বিচারে। খাসি ছাত্র সংস্থার তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিক্ষোভকারীদের কারও হাতে খাসি ছাত্র সংস্থার কোনও পতাকা ছিল না।
শিলংয়ের ঘটনার প্রতিবাদে গুয়াহাটির জোড়াবাট, খানাপাড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মেঘালয়ের নম্বর প্লেটওয়ালা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় অসমের গাড়িচালকরা। তবে বড় কোনও গোলমাল হয়নি।
মেঘালয় এবং অসম দুই রাজ্যই বর্তমানে বিজেপি শাসিত। নর্থ-ইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন বা নেসো-র প্রধান পরামর্শদাতা অসমের সমুজ্জ্বল ভট্টাচার্য। এইসঙ্গে খাসি ছাত্র সংস্থার সঙ্গে অসমের প্রধান ছাত্র সংস্থা আসু-র সম্পর্কও খুব ভালো। তারপরও এই ধরনের ঘটনায় আতঙ্কিত গুয়াহাটি-শিলং গাড়িচালকের পাশাপাশি নিত্যযাত্রীরা।