কলকাতার ব্যাঙ্কে নিরাপত্তায় জোর কলকাতা পুলিশের

31

পৃথা দাশগুপ্ত,কলকাতা:শহরের সব ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার নিরাপত্তায় বিশেষ জোর কলকাতা পুলিশের। এবার থেকে শহরের সব ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্থানীয় থানা। এতদিন এই দায়িত্ব সামলেছে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার।‌ গোয়েন্দা বিভাগের ডাকাতি দমন শাখার উপর সব দায়িত্ব ছিল। কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে তার বদলে স্থানীয় থানা গুলিকে দায়িত্ব দেওয়া হল কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দর পক্ষ থেকে।

কী রয়েছে নির্দেশিকায়?

ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময় তো বটেই, দিনের অন্যান্য সময়ও এলাকায় টহলদারি বাড়াতে হবে স্থানীয় থানাকে।

ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত সিসিটিভি রয়েছে কিনা, থাকলেও সেটা ঠিকঠাক কাজ করছে কিনা, সেই বিষয় নজর রাখতে হবে স্থানীয় থানাকে

অ্যালার্ম সিস্টেম ঠিকমতো কাজ করছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখতে হবে স্থানীয় থানাকে

এলাকায় কোনও সন্দেহজনক গাড়ি রয়েছে কিনা নজর দিতে হবে

সন্দেহজনক ব্যাক্তির গতিবিধি নজরে এলে দ্রুত পদক্ষেপ করতে হবে

ব্যাঙ্ক ডাকাতি বা লুঠের কোনও গোপন তথ্য গোয়েন্দা বিভাগের কাছে এলে তা দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানানো হবে

ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে নজরদারির জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েনের প্রয়োজন কিনা তাও দেখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা।

খুব শিগগিরই এই নির্দেশ বাস্তবায়িত হবে বলে পুলিশকে সূত্রে খবর।