অতুল বরাকে আলোচনার ভার হিমন্তর

30

নিউজ ডেস্ক: শিলংয়ে হিংসা নিয়ে মেঘালয়ের মন্ত্রীদের সঙ্গে আলোচনার ভার অসমের মন্ত্রী অতুল বরাকে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমাজমাধ্যমে হিমন্ত লিখেছেন, শিলংয়ে সাম্প্রতিক ঘটনা নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে অসমের মানুষের আশঙ্কার কথা জানিয়েছি। বিশেষ করে অসমে নথিভুক্ত গাড়ির ওপর আক্রমণ নিয়ে আশঙ্কা জানিয়েছি মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে।
হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, অসমের সীমান্ত রক্ষা মন্ত্রী অতুল বরা এবিষয়ে মেঘালয়ের সঙ্গে আলোচনা করবেন দুই রাজ্যের মধ্যে শান্তি এবং স্বাভাবিকতা ফেরাতে। প্রসঙ্গত ১৯ আগস্ট শিলংয়ে খাসি ছাত্র সংস্থার কালো পতাকা নিয়ে বাইক মিছিলে ব্যাপক ভাঙচুর চলে অসমের নম্বর প্লেটওয়ালা গাড়ির ওপরে। বেশ কয়েকজন আহত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুর করা হয়, স্বামী বিবেকানন্দর মূর্তির সামনের কাচ ভেঙে দেওয়া হয়।
শিলংয়ে অসমের গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তেজনা তৈরি হয় গুয়াহাটির সমীপবর্তী জোড়াবাটে। সেখানে আটকানো হয় মেঘালয়গামী গাড়িগুলিকে।
অসম থেকে মেঘালয়ে যাওয়ার মূল কেন্দ্র জোড়াবাট। বৃহস্পতিবার অসম থেকে মেঘালয়ে কোনও বেসরকারি গাড়ি যেতে পারেনি। শিলং এবং জোড়াবাটের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে পর্যটকরা আতঙ্কিত।
হিমন্ত বলেছেন, অসম ও মেঘালয় দুই সহোদরা। আমাদের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক বন্ধন রয়েছে, দুই রাজ্যের মানুষের মধ্যেও সুন্দর সম্পর্ক আছে। পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা আমাদের সবসময় চালিত করে। সম্প্রীতি, বন্ধুত্ব এবং ঐক্য রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।