শিক্ষক দিবস উপলক্ষে ৪৮ জন স্কুলশিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

27

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ৪৮ জন নির্বাচিত স্কুলশিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬ প্রদান করবেন। শিক্ষক দিবস উপলক্ষে ৪৮ জন স্কুলশিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন বলে শুক্রবার শিক্ষা মন্ত্রক জানিয়েছে। জেলা, রাজ্য ও জাতীয় স্তরে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের পরিচালিত তিন-ধাপের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে এই পুরস্কারপ্রাপকদের বাছাই করা হয়েছে। স্কুল শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবেই তাঁদের নির্বাচন করা হয়েছে।এই ৪৮ জন পুরস্কারপ্রাপক ২৭টি রাজ্য, ৭টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের অধীন ৬টি সংস্থার প্রতিনিধিত্ব করছেন। মোট পুরস্কারপ্রাপকদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ২২ জন মহিলা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রত্যেক পুরস্কারপ্রাপকের অসামান্য কাজ ও সাফল্য তুলে ধরে তৈরি করা সংক্ষিপ্ত তথ্যচিত্রও প্রদর্শিত হবে। এই বছর পশ্চিমবঙ্গ থেকে যারা পুরস্কার পচ্ছেন তাঁদের মধ্যে আছেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ৩০ নম্বর ওয়ার্ডের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী ও ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের বারানিগুই সরকারি মডেল স্কুলের শিক্ষক শান্তনু পাত্র।